হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের সঙ্গে আবারও পিএসএলের সংঘাত

ক্রীড়া ডেস্ক    

তৃতীয়বারের মতো ঘটছে এমন ঘটনা। ছবি: সংগৃহীত

আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।

এ নিয়ে টানা তৃতীয়বার আইপিএলের সঙ্গে পিএসএলের সূচিতে সংঘাত হচ্ছে। ২০২৫ ও ২০২৬ সালেও দুই টি-টোয়েন্টি লিগের সময়সূচি পরস্পরের সঙ্গে মিলে গিয়েছিল। ২০২৭ সালেও মার্চ থেকে মে পর্যন্ত পিএসএল আয়োজন করায় সেই সংঘাত আবারও থাকছে।

পিএসএল শুরু হওয়ার পর দীর্ঘ সময় ফেব্রুয়ারি ও মার্চে টুর্নামেন্টটি আয়োজন করেছে পিসিবি। তবে আইসিসির ব্যস্ত সূচির কারণে ২০২৫ সাল থেকে পিএসএলকে এপ্রিল-মে সময়সীমায় সরিয়ে নেওয়া হয়। এবারও মার্চ-মে সময়সীমাই ধরে রাখল পিসিবি।

পিএসএলের আসন্ন আসরের সময়সূচি নির্ধারণে আট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছে পিসিবি। ১ সেপ্টেম্বর লন্ডনে হওয়া গভর্নিং কাউন্সিলের সভার পর সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে পিএসএলকে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এগিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে পাকিস্তানের আবহাওয়া ও রমজানের সময়সূচি এতে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে পাঞ্জাবে শীত ও ঘন কুয়াশার কারণে লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে ম্যাচ আয়োজন কঠিন হয়ে উঠতে পারে।

এ ছাড়া রমজানকে ঘিরে সম্প্রচার আয় নিয়েও উদ্বেগ ছিল। পিএসএলের মিডিয়া স্বত্বের মালিক ওয়ালি টেকনোলজিস মনে করে, রমজানের পর টুর্নামেন্ট আয়োজন করলে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সম্প্রচার রাজস্ব পাওয়া কঠিন হয়। প্রতিষ্ঠানটির মতে, রমজান শুরুর আগেই অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেটের বড় অংশ খরচ করে ফেলে।

পিসিবি জানিয়েছে, পিএসএল ১২-এর পূর্ণাঙ্গ সূচি, ভেন্যু ও টিকিট সংক্রান্ত তথ্য পরে প্রকাশ করা হবে। দল গঠনের পরবর্তী ধাপে সরাসরি খেলোয়াড় চুক্তি, রিটেনশন, ট্রেড উইন্ডো ও প্লেয়ার অকশন হবে।