২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক বড় টুর্নামেন্টের সূচি নির্ধারণ করেছে আইসিসি। এই সময় ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশ ও ভারতে, আর ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান। একই বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দুবাইয়ে হওয়া বৈঠকের পর সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে আগামী কয়েক বছরের আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি জানিয়েছে আইসিসি। ২০২৭ থেকে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের মধ্যবর্তী সময়ে ১২টি পুরুষ, সাতটি নারী ও পাঁচটি অনূর্ধ্ব ১৯ পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে সংস্থাটি। এসবের মধ্যে বাছাইপর্বও রয়েছে।
২০২৮ সালে টানা নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। পাকিস্তানে নারীদের ১২ দলের বিশ্বকাপ শুরু হবে ৭ সেপ্টেম্বর, চলবে ১ অক্টোবর পর্যন্ত। এরপর ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে পুরুষদের ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই টুর্নামেন্টের মধ্যে ব্যবধান মাত্র ১১ দিন।
এদিকে, ২০২৮ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে হবে অলিম্পিকের পুরুষ ও নারী ক্রিকেটের বাছাইপর্ব। ১৯০৪ সালের পর প্রথমবারের মতো অলিম্পিকে ফিরছে ক্রিকেট। বাছাইপর্বের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আইসিসি। প্রতিটি বিভাগে আটটি করে দল অংশ নেবে।
২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও আয়োজন করবে ইংল্যান্ড। ম্যাচটি হবে ৮ থেকে ১২ জুন।
এ ছাড়া ২০৩০ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতেও পরিবর্তন এনেছে আইসিসি। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট আগে জুনে আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন তা হবে জুলাই ও আগস্টে।