প্রত্যাবর্তনের সংজ্ঞা তো এমনই হওয়া উচিত। পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখল সোবহানা মোস্তারির নেতৃত্বাধীন বাংলাদেশ। আজমানে আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
আজমানে গতকাল পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে নারী ইমার্জিং নেশনস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। ঠিক তার পরের দিনই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল মোস্তারির দল।আজ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ বল হাতে রেখে ৯ উইকেটের আয়েশি জয় পেয়েছে বাংলাদেশ।
১৩২ রানের লক্ষ্য নিয়ে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশ জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। ৭৮ বলে ১০৪ রানের জুটি গড়েন বাংলাদেশের দুই ওপেনার সাথি রানী ও দিলারা আক্তার। ১৩তম ওভারের শেষ বলে সাথিকে ফিরিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার মিচেল মাভুঙ্গা। ৪৩ বলে ৬ চারে ৪৫ রান করেন সাথি।
তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা দ্বিতীয় উইকেটে দিলারার সঙ্গে ২৭ বলে ২৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন। দিলারার ৪৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসই সর্বোচ্চ। ৪৯ বলের ইনিংসে মেরেছেন ৮ চার। তিনিই হয়েছেন ম্যাচসেরা।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রানে আটকে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন চিপো মুগেরি তিরিপানো। ৩০ বলের ইনিংসে মেরেছেন ২ চার ও ১ ছক্কা। বাংলাদেশের রাবেয়া খান ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে পাকিস্তান। বাংলাদেশ ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে তিনে। দুইয়ে থাকা নেদারল্যান্ডসেরও ২ পয়েন্ট। ডাচরা এখন পর্যন্ত নিজেদের একমাত্র ম্যাচে গতকাল থাইল্যান্ডকে হারায় ৫ উইকেটে। তবে নেদারল্যান্ডসের নেট রানরেট +০.২২৬। বাংলাদেশের নেট রানরেট -০.৩২৪। চার, পাঁচে থাকা থাইল্যান্ড, জিম্বাবুয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি।