হোম > খেলা > ক্রিকেট

মুশফিক বাঁহাতি ব্যাটার হতে চেয়েছিলেন কেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ফেব্রুয়ারিতে দেশের হয়ে শেষবার খেলতে নামবেন মুশফিক। বর্নাঢ্য এক ক্যারিয়ারের শেষের অপেক্ষায়। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের সায়াহ্নে দাঁড়িয়ে মুশফিক। ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট থেকেও অবসর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দেশের হয়ে শেষ ম্যাচটি খেলবেন। অবসর নিলেও ব্যাট হাতে দারুণ সব রেকর্ডে দেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।

বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। ১০৮ টেস্ট খেলে করেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ সাত হাজার রান করতে পারেননি। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরির কীর্তি আছে তাঁর। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মুশফিকের দখলে। ২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ডানহাতি ব্যাটিংয়ে এতসব কীর্তি গড়লেও মুশফিক মূলত বাঁহাতি ব্যাটার হতে চেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বাঁহাতি হওয়ায় মুশফিকের মনেও জেগেছিল একই স্বাদ। এ জন্য চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠা হয়নি।

এ প্রসঙ্গে একাধিক সাক্ষাৎকারে মুশফিক বলেছেন, ‘এমন ইচ্ছা ছিল (বাঁহাতি ব্যাটার হওয়ার)। ব্রায়ান লারার খেলা অনেক পছন্দ করতাম। আমি তাঁকে সেরা খেলোয়াড় মনে করতাম। তাঁর অনেক বড় ভক্ত আমি। আমার মনে হতো, কেন তাঁর মতো বাঁহাতি হলাম না। সবাই তো আর চাইলেই কিছু হতে পারে না। এরপরও আমি তাঁর ব্যাটিংও অনুকরণ করার চেষ্টা করেছি, কিন্তু লারা তো তাঁর মতোই। আসলে কেউ কারও কোনো দক্ষতা হুবহু অনুকরণ করতে পারে না। লারার ব্যাটিং অনেক সময় আমি আয়নাতেও দেখেছি। কারণ দেখলে ওইটার প্রতিফলন ডানহাতির মতো লাগে। তো অনেকভাবেই চেষ্টা করতাম। কিন্তু কখনো হয়ে ওঠেনি।’

মুশফিকের উইকেটরক্ষক হওয়ার পেছনের গল্পটাও দারুণ। পাড়ার ক্রিকেটে এক দিন নিয়মিত উইকেটরক্ষকের অনুপস্থিতিতে গ্লাভস হাতে নেওয়ার সুযোগ পেয়ে যান। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন। তখন থেকেই গ্লাভস হাতে বেশ উপভোগ করতে শুরু করেন। পাশাপাশি উচ্চতার কারণে ব্যাটিংয়ে সমস্যা হওয়াতেও শুরুতে উইকেটকিপিংয়ে বেশি মনোযোগী ছিলেন তিনি।

মুশফিক বলেন, ‘ছেলেবেলায় বড় ভাইদের সঙ্গে পাড়ায় পাড়ায় খেলতে যেতাম। বগুড়ায় কৃষ্ণপুর নামের একটা জায়গায় খেলতে গিয়েছিলাম। যিনি নিয়মিত কিপিং করতেন, তিনি সেদিন করেননি। তাই উইকেটরক্ষক খোঁজা হচ্ছিল। আমি বললাম একটু চেষ্টা করে দেখি। সেদিন দুইটা ভালো ক্যাচ নিয়েছিলাম। শুরুটা সেখান থেকেই। উইকেটকিপিংয়ে ভালোই মজাই পেয়েছিলাম। এমন একটা কাজ, যেটা কিনা আমি করতে পারছি। কারণ, তখন আমার চেয়ে আমার ব্যাটই অনেক বড় ছিল। এই জন্য টিমে আমাকে নেওয়া হতো অন্তত যেন কিপিং করতে পারি। তখন থেকেই উৎসাহ পাই। কিপিংয়ের ওপর জোরটা বেশি দেওয়া শুরু করি। উইকেটরক্ষক-ব্যাটার হলে বা একটা অলরাউন্ডার হলে টিমে খেলার সুযোগটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো এটাই ইচ্ছা ছিল কোনো অলরাউন্ডার হওয়া যায় কি না।’