অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল গতকালই। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক তখনই প্রতিরোধের দেয়াল গড়েন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশকে অলআউট করার পথে অজিদের সামনে প্রধান বাধাই এখন এই অলরাউন্ডার।
২৯৭ থেকে ৩০৬—এই ১১ রানের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমকে হারায় বাংলাদেশ। ৩০৮ রানে ষষ্ঠ উইকেট হারায় সফরকারী দল। তখন অস্ট্রেলিয়ার সামনে ১৫০ রানের লিড দাঁড়ানো অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। কিন্তু মিরাজের ব্যাটিং দৃঢ়তায় সেটা লক্ষ্য ছাড়িয়ে আরও বড় লিড পেয়েছে বাংলাদেশ।
টানা ৩ উইকেট হারানোর পর দিনের শেষ সেশনে আর বিপদ হতে দেননি মিরাজ। হাসানকে নিয়ে শেষ সেশনের প্রায় পুরোটা সময় মাটি কামড়ে ক্রিজে টিকে থেকে দিনের খেলা শেষ করেন। আজ দিনের শুরুতেই অবশ্য সঙ্গী হারান মিরাজ। ১৩ রান নিয়ে ব্যাট করতে নামা হাসান আর মাত্র ১ রান করেই জশ হ্যাজলউডের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন। ভাঙে মিরাজের সঙ্গে তাঁর ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি।
হাসান ফিরলে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। এই স্পিনার অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করে ১৭ রানে আউট হন। ৩৭২ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে সফরকারীদের রান ৪০০-এর ওপরে নিয়ে গেছেন মিরাজ। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে নিজের দশম ফিফটির দেখা পেয়েছেন তিনি।
মিরাজের ব্যাটিং দৃঢ়তায় ২০০ ছাড়িয়েছে বাংলাদেশের লিড।