ইসমত আলমের করা স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট লাগানোর চেষ্টায় ছিলেন তানজিদ হাসান তামিম। ভালোভাবে সংযোগ না হয়ে কানায় লেগে বল ইকরাম আলীখিলের গ্লাভসে আটকা পড়ে। সেঞ্চুরি হাতছাড়া করার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তামিম।
আবুধাবি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আফগানিস্তানের প্রাপ্তি বলতে এতটুকুই। বাকি সময় ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। আর কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ১৩৪ রান। সাদমান ইসলাম অনিক ৪১ ও মুমিনুল হক ৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতির পর ব্যাট করতে নামবেন।
দিনের শুরুটাই কথা বলেছে বাংলাদেশের হয়ে। আগেই জানা ছিল, আবুধাবির উইকেটে ব্যাটারদের জন্য সহায়তা থাকবে। টস জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। উইকেটের সহায়তা কাজে লাগিয়ে বাংলাদেশের শুরুটাও হয়েছিল দারুণ।
সাদমান কিছুটা দেখেশুনে ব্যাট চালালেও ইনিংসের শুরু থেকেই হাতখুলে খেলেন তামিম। সুযোগ পেলেই বলকে সীমানা ছাড়া করেছেন। ৪১ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন এই ওপেনার। একটা সময় মনে হচ্ছিল সেঞ্চুরির দেখা পেয়েই যাবেন। কিন্তু ইসমতের করা ২৩তম ওভারের পঞ্চম বলে ফেরেন তামিম। প্যাভিলিয়নের পথ ধরার আগে ৭১ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন। স্ট্রাইকরেট ১১৬.৯০।
তামিম আউট হলে বাংলাদেশের ১২৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে। এমন শুরুর পেছনে আফগানিস্তানের ফিল্ডারের অবদানও রয়েছে। সপ্তম ওভারেই প্রথম উইকেট হারাতে পারতো সফরকারীরা। ইয়ামিন আহমদজাইয়ের করা সে ওভারের পঞ্চম বলে নতুন জীবন পান সাদমান। সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করছেন এই ওপেনার।