বাংলাদেশের কাছে টেস্ট হারের জন্য প্রস্তুতির ঘাটতিকে দায়ী করছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মতে, অজিরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। একই সঙ্গে এই হারের জন্য বাংলাদেশের দারুণ পারফরম্যান্সের কথাও তুলে ধরেছেন তিনি।
গত মাসে ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণে ম্যাচটি হেরে যায় স্বাগতিকেরা। তবে ম্যাকাইতে হওয়া দ্বিতীয় টেস্টেই দারুণভাবে ঘুরে দাঁড়িয় কামিন্সরা। বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে খেলার আগে দল যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল কি না, তা নিয়ে আলোচনা হয়। তবে সেই সমালোচনা মানতে নারাজ কামিন্স।
কামিন্সের মতে, প্রতিপক্ষ বাংলাদেশ না হয়ে অ্যাশেজের মতো বড় সিরিজের দল হলেও প্রস্তুতির ধরন একই থাকত। কিপিন ইট ক্রিকেট পডকাস্টে কামিন্স বলেন, ‘সেটি অ্যাশেজের টেস্ট হোক কিংবা বাংলাদেশের বিপক্ষে সিরিজ, আমার মনে হয় আমরা ঠিক একইভাবে প্রস্তুতি নিতাম। অবশ্যই সিরিজ শেষে আপনি সবকিছু পর্যালোচনা করেন। তবে সত্যি বলতে, আমার মনে হয়েছিল আমরা খুব ভালো অবস্থায় ছিলাম। সবাই ফিট ছিল, নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল।’
বাংলাদেশের কাছে হারের কারণ কী ছিল, সেটিও পরিষ্কার করে দিয়েছেন কামিন্স, ‘আমি মনে করি না আমরা খুব ভালো খেলেছিলাম। আমি মনে করি না এটি প্রস্তুতির ঘাটতি ছিল। আমরা নিজেদের সেরা অবস্থায় ছিলাম না। আর বাংলাদেশ দারুণ খেলেছে এবং আমাদের ম্যাচে ঢোকার কোনো সুযোগই আসলে দেয়নি।’
প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং ও বোলিংয়ের সামনে পুরোপুরি অসহায় ছিল অস্ট্রেলিয়া। তাদের পরবর্তী টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই কামিন্স।
২০১৮ সালের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই সফরে কিছুটা বৈরী পরিবেশের আশঙ্কা করছেন কামিন্স। তবে পুরোনো ঘটনা নিয়ে বেশি ভাবতে চান না তিনি।
কামিন্স বলেন, ‘কিছুটা বৈরিতা হয়তো থাকবে। সবাই এগিয়ে যায়। ভালো ব্যাপার হলো, তিনটি টেস্ট আছে, আপনি ক্রিকেটে মনোযোগ দেবেন, আর খুব দ্রুত সবাই শুধু ক্রিকেট নিয়েই ভাববে।’
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কামিন্স আরও বলেন, ‘আমি নিশ্চিত, গ্যালারিতে কিছু উচ্ছৃঙ্খল সমর্থক থাকবে এবং কিছু নিবন্ধ বা সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুরোনো বিষয়গুলো উঠে আসবে। কিন্তু আমাদের দল সেসব পেছনে ফেলে এগিয়ে গেছে।’