বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রির টোয়েন্টি খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে। এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম পরিদর্শনের পর শাহনিয়ান তানিম জানান, এ স্টেডিয়ামের সংস্কারসহ সকল কাজ আরও আগেই সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে এ নিয়ে তিনি কাউকে দোষারোপ করেননি। মাঠ হস্তান্তরের জন্য কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে বলে জানান তিনি।
ডিসেম্বরে শেষে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে জোরালোভাবে কাজ চলছে। শাহনিয়ান বলেন, ‘ডিসেম্বরে টুর্নামেন্টের বেশির ভাগ খেলা বরিশালে হোক সেটা আমরা চাই। বরিশালে আমরা ক্রিকেট আয়োজন করতে চাই। আর সে দিক চিন্তা করে আমরা কাজ করছি।’