এবারও বিগ ব্যাশে সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি তা নিশ্চিত করেছে।
হোবার্ট হারিকেন্স আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে। সেখানে বাংলাদেশের তারকা লেগস্পিনারকে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি পরা অবস্থায় দেখা গেছে। ক্যাপশনে হোবার্ট লিখেছে, ‘সে ১৬তম বিগ ব্যাশে ফিরেছে।’ বিগ ব্যাশের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদের অ্যাকশন নিয়ে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘কিছু কিছু বোলারের বোলিং দেখলে ভালোই লাগে। রিশাদ ১৬তম বিগ ব্যাশে ফিরেছে।’
সবশেষ ২০২৫-২৬ মৌসুমে বিগ ব্যাশে নিজের অভিষেকেই হোবার্টের হয়ে খেলেন রিশাদ। ১২ ম্যাচে ৭.৮২ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। পুরো টুর্নামেন্টেই যেখানে রানরেট ছিল ৮.৬১, সেখানে রিশাদের এমন বোলিং সত্যিই প্রশংসনীয়। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং। সিডনি সিক্সার্সের স্টিভ স্মিথকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে নজর কাড়েন রিশাদ।
২০২৫-২৬ বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন হারিস রউফ। মেলবোর্ন স্টারসের হয়ে ৮.২৩ ইকোনমিতে নিয়েছেন ২৩ উইকেট। তবে রিশাদ হোবার্টের হয়ে সবশেষ মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজিটির সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২১ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে ১৩৭ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি বিদেশের লিগেও তিনি অনেক জনপ্রিয়। বিগ ব্যাশ, গ্লোবাল সুপার লিগ, পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন ২৪ বছর বয়সী লেগস্পিনার। ২০২৭ এসএ টোয়েন্টিতে তাঁকে নিয়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ।
এ বছরের ১২ ডিসেম্বর শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশ। রিশাদের দল হোবার্ট টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামবে ১৭ ডিসেম্বর। বেলেরিভ ওভালে তাঁর প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। ফাইনাল নতুন বছরের ২৬ জানুয়ারি।