হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বাসার সামনেই সাংবাদিকদের ভিড়। ছবি: সংগৃহীত

উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হওয়ার পর থেকেই টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। আট বছর অগের সেই স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির ঘটনায় গতকাল ক্যামেরন ব্যানক্রফট মুখ খোলার পর তোপের মুখে প্যাট কামিন্স। অবস্থা এতটাই বেগতিক যে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরেছেন দেশটির সংবাদমাধ্যমকর্মীরা।

২০১৮ সালে কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নতুন করে আলোচনায় আসে খাজার কারণেই। গতকাল ব্যানক্রফট দাবি করে বসেন, সে সময়ের শিরীষ কাগজ দিয়ে বল টেম্পারিংয়ের কাহিনি তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, কামিন্স—সবাই জানতেন। আজ যখন সিডনিতে নিজের বাসা থেকে অনুশীলনের উদ্দেশ্যে বের হচ্ছিলেন, তখনই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। ব্যানক্রফটের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সংবাদমাধ্যমকর্মীরা অস্ট্রেলিয়ার অধিনায়ককে প্রশ্ন করা হয়, কারা জানতেন এ ব্যাপারে? কামিন্স বলেন, ‘আমি সত্যিই দুঃখিত।’

কামিন্সের উত্তরে সন্তুষ্ট হতে পারেননি সংবাদমাধ্যমকর্মীরা। এক সাংবাদিক পাল্টা জিজ্ঞেস করলেন, ‘আপনি যে খুব একটা দুঃখিত, তাতে মনে হচ্ছে না। সে তো একরকম আপনাকে বিপদে ফেলে দিয়েছে। ক্যামেরনকে কিছু বলার আছে?’ কামিন্স বললেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ।’ মুচকি হেসে এরপর গাড়ির দরজা বন্ধ করে চলে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এমনকি বাড়ি থেকে বের হওয়ার আগে স্ত্রী বেকি কামিন্সের সঙ্গেও কথা বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হয়েছে গত ১০ নভেম্বর। সেখানে স্যান্ডপেপার গেটের কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত উল্লেখ করেছেন।পরবর্তীতে কামিন্স ১৩ নভেম্বর ৬৮ মিনিটের সংবাদ সম্মেলন করেছেন খাজার আত্মজীবনী নিয়ে। অস্ট্রেলিয়ার অধিনায়ক সেই সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, কেউ কিছু জানতেন না। গতকাল ব্যানক্রফট পুরোনো ঘটনা টেনে আনার পরও কামিন্স তাঁর জায়গাতেই অনড়।

খাজার আত্মজীবনী প্রকাশের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন ডেভিড ওয়ার্নারও। তবে কামিন্স গত শুক্রবার সংবাদ সম্মেলনে খাজার দাবিকে সরাসরি নাকচ করে বলেন, ‘খাজা শতভাগ ভুল।’ বিষয়টিকে তিনি আখ্যা দেন ‘সম্পূর্ণ ও নিরেট বাজে কথা’ বলে। কামিন্সের সংবাদ সম্মেলনই মূলত ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদপত্রে ব্যানক্রফটকে কলাম লিখতে বাধ্য করেছে। তিনি লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে সত্য ঘটনাটি অবশেষে প্রকাশ্যে আসতে দেখে আমার ভারমুক্ত লাগছিল। এত বছর ধরে যে বোঝা আমি বয়ে বেড়িয়েছি, সেটি যেন কিছুটা নেমে গিয়েছিল। আমার এই বিবরণ লেখার পেছনে শেষ ধাক্কাটি ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলন। এতে আমি ক্ষুব্ধ। বিশ্বাসঘাতকার শিকার হয়ে একাকিত্ব অনুভব করছি।’

ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহার করার ধারণাটি দিয়েছিলেন—যা নিয়ে আগে থেকেই বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে ওয়ার্নার নিজে এটি করতে পারবেন না বলে জানিয়েছিলেন। কারণ, এতে তাঁর সুনাম ক্ষুণ্ন হবে এবং ক্যামেরায় ধরা পড়ার আশঙ্কা ছিল। ব্যানক্রফট তা শিকার করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০১৮ সালের তদন্তেও উঠে এসেছিল যে ওয়ার্নারই এই ধারণা (স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি) দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অধিনায়ক স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন।