১২০ রানের কম করে বর্তমান টি-টোয়েন্টিতে জেতার আশা থাকে না বললেই চলে। তবে প্রতিপক্ষ যখন ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান, তখন কী যে হয়, তা অনুমান করা কঠিন। দুর্দান্ত বোলিংয়ে সহজেই জিতে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তানকে নিয়ে আজ শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। পুরো ২০ ওভার খেললেও ১১৮ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি পাকিস্তান।
১১৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান ওপেনার রাভাইল ফারহান ১০ বলে ১৭ রান করেছেন। মেরেছেন ৪ চার। তবে তাঁর এই ঝোড়ো শুরুও দলকে জেতাতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানে আটকে যায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন উইকেটরক্ষক কোমল খান। ৩৯ বলে ৩ চারে ২৯ রান করেন তিনি।
এর আগে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৭ রান। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। ছয় নম্বরে নেমে ২৫ বলে ৩ চারে এই ৩৪ রান করেন সাদিয়া। পাকিস্তানের মাহনুর জেব ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
বাংলাদেশের ৩০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। ৩৩ বলে ১ চারে করেন ২৩ রান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার নিশি। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন, অদ্রিতা নওশিন, আফরিন মিম একটি করে উইকেট নিয়েছেন।
৬ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। রাউন্ড রবিন পদ্ধতিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান—প্রত্যেকে একে অপরের বিপক্ষে তিনবার করে খেলবে। ফাইনাল ১৬ অক্টোবর।