ক্রিকেট বলে উজ্জ্বলতা ধরে রাখতে লালা ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের। ওয়েলিংটন টেস্টের পর বোলারদের আবারও সুবিধা বাড়াতে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তাঁর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকও। টেস্টকে আরও আকর্ষণীয় করতে পরিবর্তন আনা উচিত বলে মনে করেন কুক।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে লালা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২২ সালে সেই নিষেধাজ্ঞা স্থায়ী করা হয়। এর আগে পেস বোলাররা পুরোনো বলের এক পাশ চকচকে রাখতে লালা ব্যবহার করতেন। এতে বলের দুই পাশের অবস্থার পার্থক্য বজায় থাকত, যা রিভার্স সুইং কিংবা লেট সুইং পেতে সহায়তা করত।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যাটারদের দাপটের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ম্যাচে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল মিলে ৩১২ বল খেলে নিশ্চিত ড্র করেন। বোলারদের জন্য তেমন কিছু করার সুযোগ না থাকায় লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন গিল।
ইংল্যান্ডের হয়ে ১৬১ টেস্ট খেলা কুকও মনে করেন, টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বল, পিচ দুই দিকেই নজর দেওয়া জরুরি। সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘এতে আমার একেবারেই কোনো আপত্তি নেই। লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে দিলে আমি খুশি হব। এতে কারও কোনো ক্ষতি হবে না। পাশাপাশি পিচের দিকেও নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ড্রপ-ইন পিচ আরেকটি ক্ষেত্র, যেখানে ক্রিকেটে বিনিয়োগ প্রয়োজন। ভালো উইকেট তৈরি করে ম্যাচে উত্তেজনা ছড়াতে পারলেই সবার মধ্যে ঐকমত্য তৈরি হবে।’
টেস্ট ক্রিকেটে প্রাণবন্ত উইকেটের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন কুক। তিনি বলেন, ‘আমি আগের দিনের মতো ভালো ও প্রাণবন্ত পিচ দেখতে চাই। এখন এমন উইকেট তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ইংল্যান্ড এ কাজটা ভালোভাবে করে। তবে শুধু ইংল্যান্ডে নয়। সব জায়গাতেই এমন উইকেট প্রয়োজন। পিচের মান উন্নত করতে অর্থ বিনিয়োগ করা উচিত। তাতেই টেস্টের ভিত আরও শক্ত হবে।’