ক্রিকেটে বলের চকচকে ভাব ধরে রাখতে একটা সময় লালা ব্যবহারের প্রচলন ছিল। তবে করোনা মহামারির সময় তাতে নিষেধাজ্ঞা দিয়ে বসে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। স্বাস্থ্যঝুঁকি এড়াতে তখন এই নিয়ম চালু করা হয়েছিল। সময়ের সঙ্গে মহামারির প্রকোপ কমে গেলেও সেই নিষেধাজ্ঞা রয়েই গেছে। এবার সেটা তুলে দেওয়ার দাবি জানালেন ভারতের অধিনায়ক শুভমান গিল।
পাঁচ দিনের খেলা শেষে আজ ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্র হয়েছে। ৩৫২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৩৯ রান করার পরই শেষ খেলা। প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে বলের মান ও লালা ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন গিল। তাঁর মতে, উইকেট থেকে বোলাররা তেমন কোনো সহায়তা পাননি। তার ওপর দ্রুত বল নরম হয়ে যাওয়ায় বোলারদের জন্য উইকেট নেওয়া আরও কঠিন হয়ে পড়েছে।
বল নরম হয়ে যাওয়ার সমস্যার পাশাপাশি লালা ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গিল বলেন, ‘আমার মনে হয়, বলের মান আরও ভালো হওয়া উচিত। এর পাশাপাশি বল পালিশ করতে এখনো কেন লালা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না, সেটাও বুঝতে পারি না। কোভিডের সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। বল চকচকে করতে লালা ব্যবহার করা যাবে না। এমন একটি নিয়ম করা হয়েছিল। সাত-আট বছর পেরিয়ে গেলেও এখনো কেন এই অনুমতি দেওয়া হচ্ছে না, তা বুঝতে পারছি না। আমার মনে হয় এটিও বড় একটি বিষয়।’
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডে যে পাঁচ উইকেট হারিয়েছে, সবগুলোই ক্যাচ। যার মধ্যে তিনটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক ঋষভ পন্ত। গিলের মতে ফ্ল্যাট পিচে উইকেট নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। আজ ড্রয়ের পর ভারতীয় অধিনায়ক বলেন, ‘এ ধরনের কন্ডিশনে উইকেট থেকে কোনো সহায়তা না পাওয়া, তার ওপর বল নরম হয়ে যাওয়া বোলারদের জন্য উইকেট নেওয়া খুব কঠিন করে তোলে। ব্যাটের কানায় লেগে বল ফিল্ডারের হাতে পৌঁছায় না। পিচে যথেষ্ট মুভমেন্ট না থাকলে এলবিডব্লিউ ও বোল্ড ছাড়া উইকেট পাওয়ার আর তেমন সুযোগ থাকে না।’
শুধু এবারই প্রথম নয়। এর আগে যখন গিলের নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ড সফর করতে গিয়েছিল, তখনো এমন সমস্যা হয়েছিল। আজ ওয়েলিংটনে ড্রয়ের পর ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, বল অবশ্যই বড় ভূমিকা রাখে। নিউজিল্যান্ডে আমাদের প্রথম কুকাবুরা বলটি ২৫-৩০ ওভার পরই অনেক নরম হয়ে গিয়েছিল। আমার মনে হয় প্রতিপক্ষ দলও এ নিয়ে অভিযোগ করেছে। গত বছর ইংল্যান্ডেও আমরা এমনটা দেখেছি। প্রথম তিন-চার ম্যাচে ডিউক বল খুব দ্রুত নরম হয়ে যাচ্ছিল। জানি না, বলের মান কমে গেছে কি না।’