হোম > খেলা > ক্রিকেট

এমন বাজে সময় আর কবে দেখেছেন বুমরা

ক্রীড়া ডেস্ক    

ওয়েলিংটনে টম লাথামের উইকেট নেওয়ার পর থেকেই উইকেটহীন এই পেসার। ছবি: সংগৃহীত

নিষ্প্রাণ উইকেটেও প্রতিপক্ষ ব্যাটারদের নাচাতে পারেন যশপ্রীত বুমরা। অথচ টেস্ট ক্রিকেটে ২৭৪ বল উইকেটহীন ভারতের এই পেসার। ক্যারিয়ারের অন্যতম কঠিন সময় পার করছেন তিনি।

বুমরা বারবার ব্যাটারকে পরাস্ত করেছেন। বল ব্যাটের কানায় লেগেছে, কিন্তু ক্যাচ হয়নি। কখনো বল ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে গেছে, কখনো হতাশায় পিচে লাথি মেরেছেন তিনি। সব চেষ্টা করেও উইকেটের দেখা পাননি তারকা বোলার।

টেস্ট ক্রিকেটে উইকেট না পাওয়ার ২৭৪ বলের এই অপেক্ষা বুমরার ক্যারিয়ারের দ্বিতীয় দীর্ঘতম। দীর্ঘতম উইকেটহীন থাকার খরাটি ছিল ২৮৫ বলের (৪৭.৩ ওভার), যা ২০২১ সালে চেন্নাই টেস্ট থেকে শুরু হয়ে ট্রেন্ট ব্রিজ টেস্ট পর্যন্ত স্থায়ী হয়েছিল।

ওয়েলিংটনে টম লাথামের উইকেট নেওয়ার পর থেকেই বুমরার এমন খরা শুরু হয়েছে। অথচ তাঁর মতো বোলারের ক্ষেত্রে উইকেটের জন্য দীর্ঘ অপেক্ষা খুব একটা পরিচিত দৃশ্য নয়। ক্রাইস্টচার্চ টেস্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে শুভমান গিল বারবার বুমরাকে বোলিংয়ে এনেছেন। প্রথম নতুন বল, দ্বিতীয় নতুন বল, মধ্যাহ্নবিরতির পর প্রথম ওভার কিংবা প্রতিপক্ষের লেজ গুটিয়ে দেওয়ার চেষ্টা, সব ক্ষেত্রেই বুমরার ওপর আস্থা রেখেছেন অধিনায়ক। কিন্তু এবার সেই আস্থার প্রতিদান দিতে পারেননি পেসার।

উইকেট পেতে মরিয়া বুমরা নিজের বোলিংয়ের ধরনেও পরীক্ষা চালিয়েছেন। নেটে অনুশীলন করা একটি রানআপ ম্যাচে ব্যবহার করেছেন, যা সম্ভবত এক দশকেরও বেশি সময় পর প্রথমবার। ক্যারিয়ারের শুরুতে সামনের দিকে শরীর রেখে বোলিং করলেও পরে বাঁ দিকে ঘাড় কাত করে পাশ থেকে বল করার ভঙ্গিতে অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। প্রথম দিনের খোলা বুকের ভঙ্গিতে বোলিংয়ের পরীক্ষা থেকে এবার পুরোনো ধরনে ফেরার চেষ্টাও দেখা গেছে।

বুমরার এই পরিবর্তনের চেয়েও উইকেট পাওয়ার জন্য তাঁর মরিয়া হয়ে ওঠা বেশি চোখে পড়েছে। বল হাতে এমন অস্থিরতা সাধারণত তাঁর মধ্যে দেখা যায় না।

দ্বিতীয় দিন অধিনায়ক গিলের ধৈর্যেও যেন কিছুটা চিড় ধরেছে। মধ্যাহ্নবিরতির পর মাত্র দুই ওভার বোলিং করিয়েই বুমরাকে আক্রমণ থেকে সরিয়ে নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে সম্ভবত এমন ঘটনা এবারই প্রথম, যেখানে লেজের ব্যাটাররা উইকেটে থাকা সত্ত্বেও এত দ্রুত তাঁকে বোলিং থেকে সরানো হয়েছে। বুমরা অবশ্য এরপরও ব্যাটারকে পরাস্ত করেছেন। বোলিংয়ে চেনা ধার থাকলেও উইকেট পাননি।

ওয়েলিংটন টেস্ট দিয়ে প্রায় এক বছর বিরতির পর মাঠে ফেরেন বুমরা। এবার তাঁর লক্ষ্য উইকেট পাওয়ার স্বাভাবিক ছন্দ ফিরে পাওয়া। ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে আসা এই পেসার এবার চাপের মুখে পড়েছেন কি না, সেই প্রশ্নও উঠছে।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সাম্প্রতিক হাঁটুর চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার উপস্থিতি ছিল অনিয়মিত। মাঠে নিয়মিত না থাকার প্রভাবই কি এবার তাঁর বোলিংয়ে পড়তে শুরু করেছে, হেগলি ওভালে দীর্ঘ উইকেটখরা সেই প্রশ্নও সামনে নিয়ে এসেছে।