হোম > খেলা > ক্রিকেট

আমিরাতের গরম নয়, খালেদের ভাবনায় এখন আফগানিস্তান ম্যাচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইংল্যান্ডে ঠাণ্ডা পরিবেশে কেন্টের হয়ে খেলা সৈয়দ খালেদ আহমেদ এখন সংযুক্ত আরব আমিরাতে। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তান টেস্ট শুরুর আগে বাংলাদেশের ব্যস্ততা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের প্রস্তুতি ম্যাচে। খালেদও আরব আমিরাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। মরুর বুকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে তেমন একটা ভাবছেন না তিনি। ৩৪ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘গরমের কথা চিন্তা করলে সমস্যা হবেই। মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। গতকাল দৌড়েছি। আজ বোলিং করেছি। আর দুই-এক দিনের মধ্যেই ছন্দ ফিরে পাব বলে আশা করছি। কোনো অজুহাত নেই।’

আরব আমিরাতে থাকা খালেদ উল্লেখ করেছেন তাঁর কাউন্টিতে খেলার অভিজ্ঞতার কথাও। প্রথমবার সুযোগ পেয়েই ৩ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট তুলে কেন্টের জয়ে রেখেছেন অসামান্য অবদান। তিন ম্যাচের মধ্যে দুটিতেই কেন্টকে জিতিয়েছেন। এবার তাঁর চোখ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথমবার কাউন্টিতে খেলার অভিজ্ঞতা শেয়ার করে ৩৪ বছর বয়সী পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ দারুণ অভিজ্ঞতা ছিল। যখন সুযোগ পেলাম, কাউন্টিতে খেলার সিদ্ধান্ত নিলাম।'

ইংল্যান্ডে যখন গত মাসে খালেদ খেলেন, তখন ছিল ঠাণ্ডা। এবার তিনি খেলবেন তপ্ত মরুর বুকে। দুই পরিবেশের আবহাওয়ার বৈপরীত্য নিয়ে ৩৪ বছর বয়সী পেসার বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে সব ধরনের পরিবেশের সঙ্গেই মানিয়ে নিতে হবে। ইংল্যান্ডে গিয়ে যেমন ঠান্ডার সঙ্গে মানিয়ে নিচ্ছিলাম, বর্তমানে দুবাইয়ে গরমের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। লাল বলের ক্রিকেট শেষে সাদা বলের ক্রিকেটে এরপর খেলবে দুই দল। তাদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে যোগ দেবে জিম্বাবুয়ে। ১৭ থেকে ২৩ অক্টোবর আবুধাবি, শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।