মাত্র কয়েক দিন আগেই পিঠের অস্ত্রোপচার থেকে সেরে মাঠে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিস। প্রত্যাবর্তনের সেই ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে আলোও ছড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার মাঠের বাইরের এক দুর্ঘটনায় আবারও ছিটকে গেলেন এই অস্ট্রেলিয়ান গতিতারকা। নিজের বাগদান অনুষ্ঠানে পিছলে পড়ে বাম হাতে চোট পেয়েছেন মরিস।
শনিবার রাতে বাবা-মায়ের বাড়িতে আয়োজিত নিজের বাগদান অনুষ্ঠানে পিছলে কাচের ওপর পড়ে বাম হাতে কেটে যায় মরিসের। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেই ক্ষত সারানো হয়। অথচ এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই দীর্ঘদিনের চোট কাটিয়ে পেশাদার ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন তিনি।
পিঠের অস্ত্রোপচারের কারণে গত ১৮ মাস মাঠের বাইরে ছিলেন মরিস। অস্ত্রোপচারের পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। ১০ ওভার বোলিং করে ২৯ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। দুটি মেডেনও পান তিনি। অতিরিক্ত গতি ও বাউন্সে টম ব্যান্টন ও জো রুটের মতো ব্যাটারদের আউট করে নজর কাড়েন মরিস।
নতুন চোটের কারণে আপাতত আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে মরিসকে। অস্ত্রোপচারের পর এ দুঃসংবাদ পান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই পেসার। ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের (বিবিএল) প্রথম দিকের ম্যাচগুলোতে খেলার লক্ষ্য রয়েছে তাঁর।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স ম্যানেজার কেড হার্ভে বলেন, ‘মরিসের বাঁ হাতের ক্ষতস্থানে গতকাল সফল অস্ত্রোপচার হয়েছে। আগামী সপ্তাহে তার আবার বোলিং শুরু করার আশা করছি। প্রায় চার সপ্তাহের মধ্যে মাঠে ফেরার লক্ষ্য রয়েছে তার। শনিবার রাতে বাবা-মায়ের বাড়িতে নিজের বাগদান অনুষ্ঠানে পিছলে কাচের ওপর পড়ে এই চোট পান তিনি।’
এর আগে প্রাক-মৌসুমের শেষ দিকে পেশিতে টান পড়েছিল মরিসের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তাঁর প্রত্যাবর্তন পিছিয়ে গিয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আগামী সোমবার ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষেও তাঁর মাঠে নামার পরিকল্পনা ছিল। এবার চোটে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফেরাটাও দীর্ঘায়িত হচ্ছে।
শুক্রবার পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষ ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জার্সিতে নেমেছিলেন। এখন পর্যন্ত ৩ ওয়ানডেতে ৪.৬৮ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।