হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে রান না পেলে দলে জায়গা হারানোর আশঙ্কা

ক্রীড়া ডেস্ক    

জ্যাক ওয়েদারল্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ জ্যাক ওয়েদারল্ডের জন্য এক অগ্নিপরীক্ষা। ডারউইনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ওপেন করতে নামার আগে বাঁহাতি এই ব্যাটার নিজেই স্বীকার করেছেন, বড় রান করতে না পারলে তাঁর ভাগ্য অন্যের হাতে চলে যেতে পারে।

অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ট্রাভিস হেডের জায়গা আপাতত নিশ্চিত। তাঁর সঙ্গী হিসেবে ওয়েদারল্ডকে খেলানোর সম্ভাবনাই বেশি। তবে গত অ্যাশেজে অভিষেক সিরিজে আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হন। এরপর তাঁকে নিয়ে সাবেক ওপেনার মার্ক ওয়াহ বলেছিলেন, একাদশে জায়গা করে নিতে লড়াই করতে হবে ওয়েদারল্ডকে।

ওয়েদারল্ডও মেনে নিয়েছেন সেই বাস্তবতা। তিনি বলেন, ‘আপনি যখন মাঠে থাকবেন, সব সময় রান করতে হবে। আশা করছি দুটি ম্যাচ খেলার সুযোগ পাব এবং রান করতে পারব। তা না হলে আমার ভাগ্য অন্য কারও হাতে তুলে দিয়েছি—কারণ, আমি যথেষ্ট করতে পারিনি।’

অ্যাশেজে স্টাম্প বরাবর সোজা বলেই বেশি সমস্যায় পড়েছিলেন ওয়েদারল্ড। এরপর কাউন্টি ক্রিকেটে লেস্টারশায়ারের হয়ে ছয় ম্যাচে ৬০.৩৭ গড়ে ৪৮৩ রান, একটি সেঞ্চুরিও করেছেন তিনি। সেই সময় নিজের ব্যাটিংয়ের কিছু কারিগরি দুর্বলতা নিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে ওয়েদারল্ডের আশা, ‘কিছু পরিবর্তন করেছি। আশা করছি কেউ সেটা দেখতে পাবে। এখন ব্যাটিংটা সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছে।’

ডারউইনের স্থানীয় ছেলে হওয়ায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাঁর জন্য বাড়তি আবেগেরও। শহরের প্রচারণামূলক পোস্টার থেকে শুরু করে সমর্থকদের ভিড়—সবখানেই এখন ওয়েদারল্ড। এমনকি তাঁর কামানো মাথার অনুকরণে কিছু সমর্থক মাথায় স্কাল ক্যাপ পরে ঘুরছেন। তিনি বলেন, ‘নিজের দেশের হয়ে খেললে নার্ভাস লাগবেই। তবে মাঠে নেমে কিছুটা ভালো করার জন্য মুখিয়ে আছি। একজন টেরিটোরিয়ান এই পর্যায়ে খেলছে—এটা পুরো এলাকার জন্যই বড় ব্যাপার।’

তবে ওপেনিং সঙ্গীকে অতিরিক্ত প্রত্যাশার চাপে না পড়ার পরামর্শ দিয়েছেন ট্রাভিস হেড। তাঁর মতে, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া ফেভারিট হওয়ার কারণে ওয়েদারল্ডের ওপর রান করার প্রত্যাশা বেশি থাকবে। কিন্তু টেস্ট ক্রিকেটে অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় ব্যাটারের জন্য চাপ হয়ে দাঁড়ায়।

হেড বলেন, ‘কখনো শক্তিশালী দলের বিপক্ষে খেললে মনে হয়, শুধু ম্যাচটা পার করে দিতে পারলেই হলো। কিন্তু বাংলাদেশের বিপক্ষে হয়তো মনে হবে, এখানে তো রান করতেই হবে। সেটাই কখনো সবচেয়ে কঠিন জায়গা। ক্রিকেট নির্মম, তাই প্রত্যাশাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি।’

আগামী পরশু শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট।

যা হওয়ার তা হয়ে গেছে, বাংলাদেশের প্রস্তুতি প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটার

ফুটবলের দেশ ব্রাজিল এবার ক্রিকেটেও চ্যাম্পিয়ন

মালয়েশিয়াকে দুমড়েমুচড়ে দিল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচের ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

জুলাইয়ের সেরা হওয়ার লড়াইয়ে তানজিদ তামিম

বাংলাদেশের বিপক্ষে কোন একাদশ নিয়ে নামবে অস্ট্রেলিয়া

২৩ বছর আগের বাংলাদেশ সিরিজের কথা মনে করালেন গিলক্রিস্ট

বাংলাদেশের বিশ্বকাপ প্রায় নিশ্চিত

বাংলাদেশের মতো সরকারের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও

বড় জয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ