হোম > খেলা > ক্রিকেট

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

ক্রীড়া ডেস্ক    

বিসিবির অ্যাডহক কমিটির সভায় সদস্যদের সঙ্গে সভাপতি তামিম ইকবাল। ছবি : বিসিবি

বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলাই ওড়ে বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ক্ষমতার পালাবদল এখন খুবই পরিচিত দৃশ্য। গত দুই বছরে চার সভাপতি দেখেছে ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর গতকাল বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদের কাছে বিসিবির সবকিছু এখন সার্কাস মনে হচ্ছে।

বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বিসিবির নীতিনির্ধারকেরা গতকাল দুপুরে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছেন। তখন সাংবাদিকদের নিজের নানা পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানালেও বুলবুল ঘুণাক্ষরেও টের পাননি কয়েক ঘণ্টার মধ্যে কী ঘটতে যাচ্ছে। বিকেলে এনএসসি ভেঙে দেয় বিসিবির পরিচালনা পর্ষদ। তামিমকে সভাপতি করে তৈরি করা হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি। যুক্তরাষ্ট্রে থাকা আফতাব এই ঘটনা দেখে ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন। যে ভিডিওতে ছিল একরাশ হতাশা আর শ্লেষ। তিনি বলেন, ‘ভাইরে ভাই। যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২০০০ টাকা খরচ করেও টিকিট কেনেন, আপনার সেই টিকিট বৃথা যাবে না।’

তামিমের অ্যাডহক কমিটির ১১ সদস্যের মধ্যে আছেন তিন মন্ত্রীর সন্তান। এক প্রতিমন্ত্রীর স্ত্রীও রয়েছেন সেখানে। বুলবুলের বোর্ড যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেই ঘটনায় গতকাল থেকে উত্তাল দেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের এই দুর্দশা নিয়ে কথা বলার সময় আফতাবের কণ্ঠে ধ্বনিত হয়েছে হাহাকার। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশে আপনি না জানলেও মিডিয়ারা আপনাকে জানিয়ে দেবে। আর এমন ভাবে ঢোল পিটিয়ে জানাবে, আপনি যদি জানতে নাও চান তাও আপনি জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে, জানি না। ক্রিকেট তো এখন আর নেই। সার্কাস আছে। সার্কাসটা দেখতে সবার কাছে অনুরোধ।’

দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ক্রিকেটে কাজ করলেও ক্রিকেট বোর্ডের সদর দপ্তর কোথায়, সেটাই এখনো জানেন না বলে দাবি আফতাবের। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফেসবুকে ভিডিও বার্তায় বলেন,‘আমেরিকায় আজ তিন বছর আছি। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা আসলে কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে কাজ করছি প্রত্যেক দিন। এটা হয়তোবা আপনারা বলতে পারেন আমার ব্যর্থতা। তাই আমি জানি না।’

রাজনীতির দুষ্টচক্রে দেশের ক্রিকেট ঘুরপাক খাচ্ছে বহু আগে থেকেই। সেটিরই নগ্নরূপ যেন এখন দেখা যাচ্ছে। নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে ‘অবৈধ’ ও ‘শাম এন্টনি’ বা ভুয়া সত্তা হিসেবে বুলবুল আখ্যা দিয়েছেন। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এনএসসি অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত পর্ষদ ভেঙে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এই পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের স্বায়ত্তশাসনের টুঁটি চেপে ধরার শামিল।’ বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষায় ও বর্তমান অস্থিতিশীলতা কাটাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন বুলবুল।

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় বোর্ডের কর্মকর্তা

বুমরাকে পেটানো সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া

‘ভারতকে মনে করানোর দরকার ছিল, আমাদেরও মেরুদণ্ড আছে’

ভারতে আম্পায়ার খুনের অভিযোগে দর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি