হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডকে কাঁপিয়ে মোস্তাফিজের রেকর্ডের আরও কাছে রানা

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডকে আজ ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা। ছবি: বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নাহিদ রানাকে ‘ট্রাম্পকার্ড’ বলেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। গত শুক্রবার প্রথম ওয়ানডেতে আশানুরূপ বোলিং করতে না পারলেও আজ কোচের আস্থার প্রতিদান দিয়েছেন রানা। আগুনে বোলিংয়ে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তাঁর সামনে এখন কেবল মোস্তাফিজুর রহমান।

রানার আগুনে বোলিংয়ে আজ চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড। ১০ ওভারে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। এই নিয়ে ওয়ানডেতে দুইবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। দুটিই তিনি পেয়েছেন মিরপুরে। এই মাঠে বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডে সবচেয়ে বেশি তিনবার ইনিংসে ৫ উইকেটের কীর্তি রয়েছে মোস্তাফিজুর রহমানের।

মিরপুরে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন রানা। এক মাস পর এই মাঠে এবার নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছেন তিনি। আজ দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে অসাধারণ এক ইয়র্কারে ফিরিয়েছেন হেনরি নিকোলসকে (১৩)। দ্রুত গতির ইয়র্কার ফ্লিক করতে গিয়ে নিকোলসের পায়ে বল লাগার পর রানা দ্রুত আপিল করেন। আম্পায়ারও আঙুল তুলে দিতে দেরি করেননি।

এক ওভার বিরতিতে এসে প্রথম বলেই উইকেট পেলেন রানা। দশম ওভারের প্রথম বলে আকস্মিক বাউন্সারে খোঁচা লাগাতে গিয়ে নিউজিল্যান্ডের ব্যাটার উইল ইয়াং (২) সোজা বল তুলে দেন পয়েন্টে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের হাতে। সেই ওভার মেডেন দেন রানা।

শুধু টপ অর্ডারের দুই ব্যাটারকে ফেরানোই নয়, জুটি ভাঙার পাশাপাশি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপও ধসিয়ে দিয়েছেন। যেখানে ২৯তম ওভারের তৃতীয় বলে রানাকে পুল করতে যান মুহাম্মদ আব্বাস। টাইমিংয়ে গড়বড় হয়ে যাওয়া বল উল্টো দিকে দৌড়ে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন লিটন দাস। তাতে ভেঙে যায় চতুর্থ উইকেটে নিক কেলি-আব্বাসের ৬৬ বলে ৫৬ রানের জুটি। রানা এরপর ফক্সক্রফট (১৫) ও জেডন লেনক্সকে (০) ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।

মিরপুরে তিনবার ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি মোস্তাফিজ গড়েছেন ২০১৫ সালে তাঁর অভিষেকের বছরই। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের প্রথম দুই ম্যাচে ৫ ও ৬ উইকেট নিয়েছেন তিনি। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছেন ৫ উইকেট।

নাহিদ রানা-মোস্তাফিজের পাশাপাশি ইনিংসে মিরপুরে ওয়ানডেতে একবার করে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ফরহাদ রেজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নেন রুবেল। সেই ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। তাসকিন ও রেজার ইনিংসে ৫ উইকেটের কীর্তি ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে ২০১৪ সালে ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে তাসকিনের ৫ উইকেট বিফলে যায় ব্যাটারদের ব্যর্থতায়। ১০৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ সেই ম্যাচে গুটিয়ে যায় ৫৮ রানে।

মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের পেসারদের ইনিংসে ৫ উইকেট বোলার কত বার মোস্তাফিজুর রহমান ৩ নাহিদ রানা ২ ফরহাদ রেজা ১ রুবেল হোসেন ১ তাসকিন আহমেদ ১

নিউজিল্যান্ডকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

হার্দিক শেষ কবে ম্যাচ জিতিয়েছে, প্রশ্ন সাবেক ভারতীয় ক্রিকেটারের

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগান ক্রিকেটার

ভারত-অস্ট্রেলিয়ার ‘বিশেষ প্রস্তাব’ পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন রশিদ খান

আইপিএলে যোগ দেওয়া মুজারাবানিকে পাল্টা জবাব দিল পাকিস্তান বোর্ড

নিউজিল্যান্ডকে বেধড়ক পেটাচ্ছেন তামিম

রাজশাহীর ঐতিহাসিক ম্যাচে জয় দিয়ে শুরু জ্যোতিদের

বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের সামনে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড

সেঞ্চুরিতে কোহলি-গেইলকে ছাড়িয়ে গেলেন বাবর

লিটন যেন বাজপাখি