ধর্ষণের দুটি অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাউন্টি ক্লাব এসেক্স। শুক্রবার লন্ডনের আদালতে হাজির হওয়ার পর ২৪ বছর বয়সী এই ব্যাটার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তাঁর মামলার বিচার শুরু হবে ২০২৮ সালের জানুয়ারিতে।
গত জুলাইয়ে রবিনের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তে ২০২৫ সালের আগস্টে গ্রেপ্তার হন রবিন।
শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হন রবিন। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে ক্রিকইনফো জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী বিচার শুরু হওয়ার কথা রয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত শর্তসাপেক্ষে জামিনে থাকবেন রবিন।
রবিনের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। ক্লাবটি জানায়, ২০২৬ মৌসুম শেষ হওয়ার আগেই চুক্তি শেষ হয়েছে। সাময়িক বরখাস্ত এবং খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালনে অনুপস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলমান আইনি প্রক্রিয়ার সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে ক্লাবটি।
এসেক্সের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিষয়টির গুরুত্ব অনুধাবন করছে ক্লাব। তবে মামলার পরিস্থিতি নিয়ে এ মুহূর্তে আর কোনো মন্তব্য করবে না তারা।’
চলতি মৌসুমে এসেক্সের হয়ে একটি ম্যাচ খেলেছেন রবিন দাস। গত ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে মেট্রো ব্যাংক ওয়ানডে কাপে ২৯ রান করেন তিনি। ২০২০ সালে মাত্র ১৮ বছর বয়সে ক্লাবটির হয়ে অভিষেক হয়েছিল তাঁর।
খেলোয়াড়দের সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের নীতিমালার কথাও বিবৃতিতে উল্লেখ করেছে এসেক্স। এ বিষয়ে ক্লাবটি জানিয়েছে, তারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট রেগুলেটরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।