হোম > খেলা > ক্রিকেট

সাকিব-তাসকিনই তাহলে এখন বাংলাদেশের অনুপ্রেরণা

ক্রীড়া ডেস্ক    

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ছবি: ফাইল ছবি

২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা স্থবির হয়ে আছে। তবু বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা থেমে গেলেও বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেকর্ড কয়েকটা জায়গায় সবার ওপরে রয়েছে। পিছিয়ে নেই তাসকিন আহমেদও।

তাসকিন তো আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলছেন। তাঁকে নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু সাকিবকে নিয়ে কথাবার্তা হওয়ার কারণটা হয়তো অনেকেই ধরতে পারেননি। আসলে সামনে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ, একারণেই আলোচনায় সাকিব-তাসকিন। দক্ষিণ আফ্রিকার মাঠে স্ব স্ব বিভাগে উজ্জ্বল তাঁরা। যেখানে দক্ষিণ আফ্রিকার মাঠে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক সাকিব। আরএখানে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তাসকিন।

পরিসংখ্যানটা এবার একটু ভেঙে দেখা যাক।দক্ষিণ আফ্রিকায় ৮ ওয়ানডেতে ৩৭.১৪ গড়ে ২৬০ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক সাকিব। এই তালিকায় তাঁর কাছাকাছি আছেন লিটন দাস। কারণ, দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকের দুই থেকে চারে থাকা ক্রিকেটারদের সবাই অবসরে। দুইয়ে থাকা তামিম ইকবাল প্রোটিয়া ডেরায় করেন ২১৭ রান। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। এই তালিকায় তিন, চারে থাকা মুশফিকুর রহিম, খালেদ মাসুদ পাইলটের রান ২০১ ও ১৭১। লিটন দক্ষিণ আফ্রিকার মাঠে ৬ ওয়ানডেতে করেন ১৫৪ রান। সাকিবের রেকর্ড ভাঙতে তাঁর করতে হবে ১০৭ রান।

টেস্টে লিটন নিয়মিত খেলছেন। আছেন দারুণ ছন্দেও। চলতি বছর পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছেন। তবে ওয়ানডেতে সবশেষ তিনি খেলেছেন ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয ওয়ানডেতে। জিম্বাবুয়ের মাঠে ওয়ানডে সিরিজ, আমিরাতে আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ—কোনোটিতেই খেলার সুযোগ মেলেনি তাঁর। এবার তাঁর ব্যাটিংয়ের অবস্থানও ভিন্ন। ওপেনিং থেকে মিডল অর্ডারে খেলছেন তিনি। বর্তমানে বাংলাদেশের ব্যাটিংয়ের যে হতশ্রী অবস্থা, সেক্ষেত্রে মিডল অর্ডারে তাঁর পাশাপাশি তাওহীদ হৃদয়-ইয়াসির আলী চৌধুরী রাব্বিদেরও ধরতে হবে হাল।

লিটন অনুপ্রেরণা খুঁজতে পারেন ২০২২ সাল থেকে। চার বছর আগে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষেই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিমের (১২৯) পর দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ রান এসেছিল তাঁর ব্যাটে। সেবার সেঞ্চুরিয়নে সাকিবের ৬৪ বলে ৭৭ রানের ইনিংসটাই বাংলাদেশকে প্রথম ওয়ানডে ম্যাচ জিততে সহায়তা করেছিল। সেই ম্যাচে ইয়াসির ফিফটি (৫০) করেছিলেন। তিনি সম্প্রতি লিস্ট ‘এ’ ক্রিকেটে ভালো করে ওয়ানডেতে জায়গা করে নিয়েছেন। আবারও যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই সিরিজ, সেক্ষেত্রে চার বছর আগের সিরিজ থেকে অনুপ্রেরণা খুঁজতে পারেন।

এবার দেখা যাক তাসকিনের ব্যাপারটা। দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১০ উইকেট তিনিই নিয়েছেন। খেলেছেন ৬ ম্যাচ। যার মধ্যে ২০২২ সালে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন। সেঞ্চুরিয়নেই সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে নিয়েছিলেন পাঁচ উইকেট। এবারও তিনি প্রোটিয়া সিরিজে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান মিরাজও খেলবেন এই সিরিজে। দক্ষিণ আফ্রিকার মাঠে ওয়ানডেতে মিরাজ নিয়েছেন ৮ উইকেট। সমান ছয়টি করে উইকেট নিয়েছেন খালেদ মাহমুদ সুজন ও সাকিব।

ইস্ট লন্ডনে ১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ৪ ডিসেম্বর হবে গেবেখায়। তৃতীয় ওয়ানডে হবে ৭ ডিসেম্বর। এই ম্যাচের ভেন্যু কেপটাউন।