হোম > খেলা > ক্রিকেট

সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বিদায় নিল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এই হাসি শেষ পর্যন্ত টেকেনি বাংলাদেশের। ফাইল ছবি

লিগ পর্বে ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে ফেভারিট হিসেবেই সেমিফাইনালে নেমেছিল বাংলাদেশ এইচপি ইউনিট। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০১ রানে গুটিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই করেও ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি তারা। শেষ ওভারে নাটকীয়তায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেট হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।

১০২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নামা ভিক্টোরিয়াকে কঠিন পরীক্ষায় ফেলেছিল বাংলাদেশের বোলাররা। একপর্যায়ে ৪ উইকেটে ৭৫ রান নিয়ে সহজ জয়ের পথেই ছিল ভিক্টোরিয়া। সেখান থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। পরের ২৪ রানের মধ্যে আরও চার ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন বোলাররা।

শেষ ওভারে ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল মাত্র ১ রান, আর বাংলাদেশকে ম্যাচ জিততে হলে নিতে হতো দুটি উইকেট। প্রথম বলেই রান আউট হয়ে ফেরেন টড মার্ফি। পরের দুই বলে কোনো রান নিতে না পারায় সুপার ওভারের সম্ভাবনাও তৈরি হয়।

তবে সেই সম্ভাবনা শেষ করে দেন লিয়াম ব্ল্যাকফোর্ড। ওভারের চতুর্থ বল কাট করে পয়েন্ট অঞ্চল দিয়ে চার মারেন বাঁহাতি এই ব্যাটার। তাতেই দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া। এই হারে শেষ চারেই থামে বাংলাদেশের যাত্রা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। হাবিবুর রহমান সোহান দ্রুত ফিরলেও জিসান আলম ও আরিফুল ইসলাম ইতিবাচক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। তাদের সুবাদে পাওয়ার প্লের ৬ ওভারে ৫৬ রান তোলে বাংলাদেশ।

তবে পাওয়ার প্লের পরই বদলে যায় চিত্র। সপ্তম ওভারের প্রথম বলেই ফেরেন ২০ বলে ৩০ রান করা জিসান। তাঁর ইনিংসে ছিল ৩ চার ও একটি ছক্কা। এর আগে ১০ বলে ১৯ রান করে আউট হন আরিফুল, যিনি মারেন ৩টি চার ও একটি ছক্কা।

এরপর আর কেউ দাঁড়াতে পারেননি। ৮ বলে ৫ রান করেন সাব্বির রহমান। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের ১০ এবং আবু হায়দার রনির ১২ রানে টেনেটুনে তিন অঙ্ক ছোঁয় বাংলাদেশ। ভিক্টোরিয়ার হয়ে ৪ উইকেট নেন উইল সাদারল্যান্ড।

ছোট পুঁজি নিয়েও বল হাতে লড়াই চালিয়ে যান বাংলাদেশের বোলাররা। সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ রুবেল। রহস্য স্পিনারের চমৎকার বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে শেষ করলেন তিনি।

১৮ রানে ২ উইকেট নেন শামীম হোসেন। ১৬ রানে আবু হায়দার রনির শিকার এক উইকেট। বোলারদের শেষ পর্যন্ত লড়াই করলেও ব্যাটিং ব্যর্থতার মূল্য দিতে হলো বাংলাদেশকে।