দক্ষিণ আফ্রিকার কাছে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশের খাতায় সুখস্মৃতি বলতে তেমন কিছুই নেই। হতাশায় ঘেরা সিরিজে যতটুকু আলো জ্বলেছে, সেটা তাওহীদ হৃদয়ের ব্যাটে। ধবলধোলাই হওয়ার পরও তাই এই ব্যাটারকে নিয়ে স্বস্তির পরশ দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।
সেঞ্চুরিয়নে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিলেন হৃদয়। এই টেস্টের দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রম ১৯ ও ৪১ রান। এর আগে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৩৭ রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে আসে ২৩ রান। ২২০ রান করে এই সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়।
প্রথম ৫ টেস্টে দুটি সেঞ্চুরির দেখা পেয়েছেন হৃদয়। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসের আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ২৪২ রানের ইনিংস। হৃদয়ের এমন ফর্মে বেশ খুশি শান্ত। তাঁর চাওয়া, ফর্ম ধরে রাখুক হৃদয়।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। চার-পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে, দারুণ খেলেছে। পাঁচ নম্বরে এমন একজন ব্যাটার থাকলে অবশ্যই দলের জন্য ভালো ব্যাপার। আলহামদুলিল্লাহ দলের জন্য এভাবে পারফর্ম করছে। আশা করব যে সে এভাবে চালিয়ে যাবে। অধিনায়ক হিসেবে স্বস্তির ব্যাপার।’
হৃদয় পাঁচ নম্বরে নিয়মিত খেলবেন কি না, এই প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘সামনে আমাদের ঘরের মাঠে সিরিজ আছে। তখন এটা সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয় চারেও খেলেছে পাঁচেও খেলেছে আবার ছয়েও খেলেছে। এটা (কোথায় খেলবে) তখন সিদ্ধান্ত নেওয়া হবে।’