ডারউইন টেস্টের বাকি আরও দুই দিন। এরই মধ্যে জয়-পরাজয়ের হিসেব-নিকেশ শুরু হয়েছে। শেষ পর্যন্ত যাই কিছু হোক না কেন, তৃতীয় দিন পর্যন্ত ম্যাচের লাগাম থাকল বাংলাদেশের কাছেই।
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশ থামে ৪২৬ রানে। ২২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই দিনের মতো আজকের দিনটাও নিজেদের করে নিল বাংলাদেশ।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। রানের খাতা খুলতে না পারা জ্যাক ওয়েদারাল্ডকে বোল্ড করেন হাসান মাহমুদ। অজিদের স্কোরবোর্ডে জমা পড়েছে তখন মাত্র ৪ রান। সে ধাক্কা সামলে উঠার আগেই ফেরেন ট্রাভিস হেড। ১৭ রান করা ওই ওপেনারকেও ফেরান হাসান। ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। প্রথম ইনিংসের মতো এবারও অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে বিদায় করলেন হাসান।
স্টিভ স্মিথকে নিয়ে প্রতিরোধ গড়ায় চেষ্টায় ছিলেন মার্নাস লাবুশেন। ক্রিজে জমে যাওয়া এই ওপেনারকে ফেরান তাইজুল। ব্যক্তিগত ৩১ রানে এই বাঁহাতি স্পিনারের বলে লাবুশেন বোল্ড হলে ৭৩ রানে ৩ উইকেটের দলে পরিণত হয় অস্ট্রেলিয়া। এরপর সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন ক্যামেরুন গ্রিন ও স্টিভ স্মিথ। বাংলাদেশের চিন্তার কারণ হয়ে উঠতে থাকা এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তাঁকে ফিরতি ক্যাচ দিয়ে স্মিথ ফিরলে চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি ভাঙে। ৫ বাউন্ডারিতে ৪৪ রান করে ফেরেন স্মিথ।
এরপর আর বিপদ হতে দেননি অ্যালেক্স ক্যারি ও গ্রিন। দেখেশুনে খেলে দিনের বাকিটা সময় পার করে দেন এই দুজন। ৩৯ রানে অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরা। গ্রিন ৪৩ ও ক্যারি ১৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।