হোম > খেলা > ক্রিকেট

অলিম্পিক ক্রিকেটের বাছাই হবে বাংলাদেশে

ক্রীড়া ডেস্ক    

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ফাইল ছবি

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বের আয়োজক দেশের নাম ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ছেলেদের বাছাইপর্ব হবে বাংলাদেশে এবং মেয়েদের বাছাইপর্বের আয়োজক যুক্তরাষ্ট্র।

আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৮ থেকে ২০৩৫ পর্যন্ত বৈশ্বিক ইভেন্টগুলোর সূচি প্রকাশ করেছে। পাশাপাশি অলিম্পিক বাছাইপর্বের সূচিও ঘোষণা করেছে। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে হবে ছেলেদের ক্রিকেটের অলিম্পিক বাছাইপর্ব।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের ফেরার পথে এটিই হবে চূড়ান্ত বাছাইপর্ব। এই বাছাইপর্বে প্রতিযোগিতায় অংশ নেবে আট দল। দলগুলোকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একবার করে খেলবে।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দল ফাইনালে জায়গা করে নেবে। ফাইনালে জয়ী দলই নিশ্চিত করবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত টিকিট। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে মেয়েদের বাছাইপর্ব। প্রত্যেক বাছাইপর্বে হবে ১৩টি করে ম্যাচ।