হোম > খেলা > ক্রিকেট

ব্যানক্রফটের অভিযোগের জবাব দিলেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক    

স্যান্ডপেপার কাণ্ডে ক্যামেরন ব্যানক্রফটের অভিযোগের জবাব দিলেন ওয়ার্নার। ছবি: সংগৃহীত

এক স্যান্ডপেপার কাণ্ডেই টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। ২০১৮ সালে কেপটাউন টেস্টের আলোচিত বল টেম্পারিং-কাণ্ডে গতকাল ডেভিড ওয়ার্নারকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। বলের এক পাশ খসখসে করতে স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব প্রথম ওয়ার্নারই দিয়েছিলেন বলে দাবি করেন ব্যানক্রফট। এবার সাবেক সতীর্থের এমন অভিযোগের জবাব দিয়েছেন ওয়ার্নার নিজেই।

গতকাল স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে আট বছরের নীরবতা ভেঙে ৪ হাজার ৫০০ শব্দের এক বিস্ফোরক বিবৃতিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন ব্যানক্রফট। সেখানে বল টেম্পারিংয়ের পরিকল্পনা ও পরবর্তী ঘটনাপ্রবাহের পাশাপাশি বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে সেভেন নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নারকে ব্যানক্রফটের অভিযোগ নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। জবাবে সাবেক অজি ওপেনার বলেন, ‘দিন শেষে আমরা নিজেদের অপরাধের দায় স্বীকার করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের যে শাস্তি দিয়েছিল, তা ভোগ করেছি। এ বিষয়ে আর কিছু করার নেই।’

তবে ব্যানক্রফটের মুখ খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘ব্যানার্স মনের ভেতরে জমে থাকা কথাগুলো বলতে পেরেছে, এতে আমি খুশি। সে সত্যটাই বলেছে। দীর্ঘদিন ধরে বিষয়টি তাকে ভেতরে ভেতরে তাড়িয়ে বেড়াচ্ছিল। অবশেষে মনের ভার নামাতে পেরেছে, এটা ভালো হয়েছে।’

ওয়ার্নার বলেন, ‘আমি তাকে সমর্থন করি। আমার মনে হয়, কথাগুলো প্রকাশ করতে পেরে সে স্বস্তি পেয়েছে। এটাই তার সত্য, আর আমি সেটিকে সম্মান করি।’

ব্যানক্রফটের দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা শুরু হয়। সে সময় দলের বোলিং কোচ ডেভিড সাকার ও কোচ ড্যারেন লেম্যানও আলোচনায় উপস্থিত ছিলেন। দলের অন্য খেলোয়াড়েরাও আলোচনায় অংশ নিতেন বলে জানিয়েছেন তিনি।

ব্যানক্রফট বলেন, বল বাতাসে সুইং করাতে স্বাভাবিকভাবে বল চকচকে করা কিংবা লালা ব্যবহারের মতো প্রচলিত পদ্ধতিগুলো কাজে আসছিল না। দলের ওপর চাপ বাড়ছিল। এমন পরিস্থিতিতে বলের এক পাশ স্যান্ডপেপার দিয়ে ঘষে খসখসে করার প্রস্তাব দেন ওয়ার্নার।

ব্যানক্রফট বলেন, সিরিজজুড়ে টেলিভিশন ক্যামেরার নজর ওয়ার্নারের ওপর থাকায় তিনি নিজে এই কাজ করতে পারবেন না বলে জানিয়েছিলেন। বিষয়টি দলের সবার জানা ছিল। এ নিয়ে সতীর্থদের মধ্যে ঠাট্টাও হতো। ওয়ার্নার নিজের আঙুলের টেপে মজার শব্দ লিখতেন বলেও উল্লেখ করেছেন ব্যানক্রফট।

তবে ওয়ার্নার শুধু নিজের স্বার্থে এমন প্রস্তাব দিয়েছিলেন বলে মনে করেন না ব্যানক্রফট। তাঁর মতে, ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে দলের স্বার্থেই এমন উদ্যোগ নিয়েছিলেন ওয়ার্নার। যদিও এতে কারও দায় এড়ানোর সুযোগ নেই বলেও স্বীকার করেছেন তিনি।