হোম > খেলা > ক্রিকেট

বিপিএলের কোচকে নিল দিল্লি

ক্রীড়া ডেস্ক    

বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে কাজ করেছিলেন সাবেক লঙ্কান পেসার। ছবি: সংগৃহীত

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে কাজের অভিজ্ঞতা থাকা এই সাবেক ক্রিকেটারকে আজ নিজেদের কোচিং স্টাফে যুক্ত করার ঘোষণা দিয়েছে দিল্লি।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন দিল্লির কোচিং স্টাফে সহকারী কোচ হিসেবে আছেন যুবরাজ সিং। এবার বোলিং বিভাগ সামলানোর দায়িত্ব পেলেন শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬১ উইকেট নেওয়া ভাস।

ভাসকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালস তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘বিশ্বকাপজয়ী এবং শ্রীলঙ্কার সর্বকালের সেরা। টাইগারদের ডেরায় স্বাগতম, কোচ।’

শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভাস।

নতুন বলে সুইং করানোর দক্ষতা, নিয়ন্ত্রিত বোলিং এবং বিভিন্ন কন্ডিশনে কার্যকর থাকার সামর্থ্যের জন্য পরিচিত ছিলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ১১১ টেস্টে ৩৫৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ওয়ানডেতে ৩২২ ম্যাচে তাঁর শিকার ৪০০ উইকেট। ছয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন ছয় উইকেট।

আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে ভাসের। লিগের প্রথম তিন মৌসুমে তৎকালীন ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন তিনি। ২০০৯ সালে দলটির সঙ্গে আইপিএল শিরোপাও জেতেন। তিন মৌসুমে ১৩ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৮ উইকেট।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও যুক্ত হন ভাস। তিন দফায় শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার কোচিং স্টাফে কাজ করার পাশাপাশি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। এর আগে স্বল্পমেয়াদি চুক্তিতে নিউজিল্যান্ডের সঙ্গেও কাজ করেন তিনি।

দিল্লি ক্যাপিটালস এখনো আইপিএলে নিজেদের প্রথম শিরোপার অপেক্ষায় রয়েছে। ২০২০ সালে একবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি দলটি। সবশেষ দুই মৌসুমে প্লে অফেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে তারা।

গত মৌসুমে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে দিল্লি। মাত্র এক পয়েন্টের জন্য প্লে অফে উঠতে পারেনি দলটি। অথচ মৌসুমের শুরুতে টানা চার ম্যাচ জিতে দারুণ সূচনা করেছিল তারা। প্রথম আট ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছিল দিল্লি। কিন্তু পরের পাঁচ ম্যাচে জয়হীন থাকায় প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় দলটি।

ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের দুঃসংবাদ

চাকরি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে বিসিবির কোচ

আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর