হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে সাদের জায়গায় খেলবেন কে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের বিপক্ষে সাদকে পাচ্ছেন না বাংলাদেশ কোচ। ছবি: বাফুফে

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে সেই জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে রাইট-ব্যাক সাদ উদ্দিনের চোটে। গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ছন্দে থাকা এই ডিফেন্ডার। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে তাই সবচেয়ে বড় প্রশ্ন—রক্ষণভাগের ডান প্রান্তে সাদের জায়গায় খেলবেন কে?

আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কৌশলী অবস্থান নিয়েছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। সাদের ছিটকে যাওয়াকে দলের জন্য বড় ধাক্কা মানলেও বিকল্প খেলোয়াড়ের ওপর আস্থা রাখছেন তিনি। ডুলি বলেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুব দুঃখজনক, কারণ সাদ এমন একজন খেলোয়াড় যে যখনই খেলে, যখনই মাঠে নামে—এমনকি অনুশীলনেও—সব সময় শতভাগ দেয়। ডান প্রান্তে সে খুব শক্তিশালী একজন ডিফেন্ডার ছিল; অত্যন্ত আক্রমণাত্মক মানসিকতার, রক্ষণাত্মক কাজে ভালো, দক্ষ এবং খুব কঠোর পরিশ্রমী। তাই আগামীকাল অবশ্যই তাকে মিস করা হবে এবং অন্য একজন খেলোয়াড় দিয়ে আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে। সেই খেলোয়াড়টি কে হবে তা নিয়ে আমরা ভাবছি এবং যে-ই আসুক না কেন, আমি নিশ্চিত সেও সাদের মতোই খেলবে এবং আমাদের সফল হতে সাহায্য করবে।’

স্কোয়াডের বর্তমান অবস্থা বিবেচনায় সাদের জায়গায় খেলার দৌড়ে এগিয়ে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে সাদ স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর তাঁর বদলি হিসেবে রাইট-ব্যাকে নেমেছিলেন রহমতই। এ ছাড়া এই পজিশনে খেলার জন্য স্কোয়াডে আছেন সাদেরই ছোট ভাই তাজ উদ্দিন। পাশাপাশি সেন্টার-ব্যাক তারিক রায়হান কাজীকে ডান প্রান্তে সরিয়ে এনে বা সদ্য চোট কাটিয়ে অনুশীলনে ফেরা বিশ্বনাথ ঘোষকে দিয়েও রাইট-ব্যাক পজিশন সামলানোর বিকল্প খোলা আছে কোচের হাতে।

তবে চোট কাটিয়ে অনুশীলনে ফেরা তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ ও মিডফিল্ডার সোহেল রানাকে এখনই একাদশে ফেরানোর বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি ডুলি। গ্রুপ পর্বের দুই ম্যাচেই মাঠের বাইরে থাকা তপু এবং শ্রীলঙ্কা ম্যাচে না খেলা বিশ্বনাথ ফিট হয়ে উঠলেও অনুশীলনের পারফরম্যান্সকেই চূড়ান্ত মানদণ্ড ধরছেন কোচ। বিশেষ করে তরুণ সেন্টার-ব্যাক জিদান ইউসুফ দারুণ খেলায় রক্ষণভাগের মূল কাঠামো ভাঙতে চান না তিনি। ডুলি স্পষ্ট জানিয়ে দেন, ‘বিষয়টা এমন নয় যে আপনি কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন আর এসে বলবেন, আমি প্রস্তুত। এভাবে কাজ হয় না, কারণ খেলোয়াড়দের বলে দেওয়া আছে যে অনুশীলনের প্রতিটি পারফরম্যান্সই গণ্য হয় এবং ভালো না করলে সুযোগ পাওয়া কঠিন—পারফর্ম করেই জায়গা দেখাতে হয়। এখন আমাদের দলে জিদান আছে, আর এখন জিদানকে বাদ দেওয়া খুব কঠিন।’

অবশ্য সিনিয়র এই ফুটবলাররা পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় স্বস্তিতে আছেন বাংলাদেশ কোচ। প্রয়োজন হলে তাঁদের ব্যবহার করতে প্রস্তুত বলে জানিয়ে ডুলি বলেন, ‘রক্ষণভাগে কিছু ঘটলে—এই মুহূর্তে ও আমাদের সঙ্গে অনুশীলন করছে, ও জানিয়েছে ও পুরোপুরি ঝরঝরে অনুভব করছে, পায়ে কোনো ব্যথা নেই; তাই যখনই আমাদের প্রয়োজন হবে, ও প্রস্তুত আছে এবং এটা খুব ভালো লক্ষণ। বাকিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’