হোম > খেলা > ক্রিকেট

জাপানে যাওয়ার আগে বাংলাদেশের দুঃসংবাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহাম্মদ সাইফউদ্দিন এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন। ছবি: সংগৃহীত

তিন দিন পর জাপানে এশিয়ান গেমস খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এমন সময়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ। জাপানে যেতে পারছেন না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় জাপানে যেতে পারছেন না বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার। বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলন সেশনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানায় সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআই করার পর চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর। দল জাপানের উদ্দেশ্যে রওনা দেবে ২৪ সেপ্টেম্বর। এই স্বল্প সময়ে সাইফউদ্দিনের সুস্থ হয়ে ওঠা সম্ভব নয় বলে তাঁকে ছাড়াই জাপানে যেতে হবে বাংলাদেশ দলকে। বিসিবির বিজ্ঞপ্তিতে বায়েজিদুল বলেন, ‘সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনপ্রক্রিয়ার প্রয়োজন হবে।’

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বিকল্প রিপন মন্ডল হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে সাইফউদ্দিনের মেডিকেল রিপোর্ট গেমস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তাহলেই বিকল্প কাউকে নিতে পারবে বিসিবি। সাইফউদ্দিন চোটে পড়ায় তিন দিনের মধ্যে সব ঠিকঠাক করতে হবে বিসিবিকে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) এরই মধ্যে বিসিবি সাইফউদ্দিনের চোটের খবর জানিয়েছে।

আজ মিরপুরের ডাগআউটে বিসিবি সভাপতি তামিম ইকবাল, প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন বসে খেলা দেখছিলেন। লিটন দাস-তানজিদ হাসান তামিম-সৌম্য সরকাররা টিম ‘এ’ ও টিম ‘বি’ নামে দুই দলে ভাগ হয়ে খেলেন। লিটন দাসের নেতৃত্বাধীন টিম ‘এ’ কে ৬ উইকেট হারিয়েছে টিম ‘বি’। জয়ী টিম ‘বি’র অধিনায়ক নুরুল হাসান সোহান। জাপানে উড়াল দেওয়ার আগে পরশু আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে।