মুশফিকুর রহিম-মুমিনুল হকদের ব্যস্ততা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তাঁদের জন্য জাতীয় লিগের সূচি বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিএল ১ম একাদশ ২০২৬–২৭-এর সময়সূচিতে পরিবর্তন এনেছে। তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল ১৭ অক্টোবর। এক দিন পিছিয়ে সেটা ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হবে। জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের অতিরিক্ত একদিন বিশ্রাম ও সেরে ওঠার সুযোগ করে দিতেই বদলানো হয়েছে সূচি।
সূচি অনুযায়ী ১৩ অক্টোবর শেষ হওয়ার কথা বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। যাতে মুশফিক-মুমিনুলরা এনসিএলের তৃতীয় রাউন্ডে খেলতে পারেন, এজন্য সূচি এক দিন পেছানো হয়েছে। তবে চতুর্থ রাউন্ড আগের মতোই ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হবে। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মাঝখানে বিশ্রামের সময় কমানো হয়েছে এক দিন।
ব্যাগি টুপির রোমাঞ্চে গতকাল শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। ব্যাটার-বোলারদের সমান রাজত্ব দেখা যাচ্ছে এখানে। মুশফিক সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় খেলেন কেবল টেস্ট। মুমিনুলও টেস্টে নিয়মিত মুখ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ১০৫ ম্যাচ খেলেছেন মুশফিক। মুমিনুল খেলেছেন ৮০ টেস্ট। লাল বলের ক্রিকেটে তাঁদের বেশি করে খেলার সুযোগ দিতেই বদলানো হয়েছে এনসিএলের তৃতীয় রাউন্ডের সূচি।