ম্যাকাইতে গতকাল মাত্র দুই দিনে শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা ব্যর্থ হলেও একই দেশে বাংলাদেশের আরেক দল হাইপারফরম্যান্সের (এইচপি) জয়রথ ছুটছে। হ্যাটট্রিক জিতেছে এইচপি।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই এইচপি খেলছে ডারউইনে। নেপাল, হোবার্ট হারিকেন্স একাডেমির পর এবার এইচপি হারিয়ে দিল ভিক্টোরিয়া সিএকেও। তিন জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন এইচপি। আজ ভিক্টোরিয়া সিএর বিপক্ষে এইচপি পেয়েছে ৫ উইকেটের সহজ জয়। ১৬ বল হাতে রেখেই জিতেছেন শামীম হোসেন পাটোয়ারী, রাকিবুল হাসানরা।
১৩৬ রানের লক্ষ্যে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় এইচপি। রানের খাতা খোলার আগেই হাবিবুর রহমান সোহানকে ফেরান ভিক্টোরিয়া সিএর বাঁহাতি পেসার হ্যারি হুয়েকস্ট্রা। মুহূর্তেই ৭.২ ওভারে ৩৭ রানে এইচপি হারিয়ে ফেলে চতুর্থ উইকেট। আরিফুল ইসলাম (১৫), জিসান আলম (১১) ও সাব্বির রহমান (৫) দ্রুত ফেরেন ড্রেসিংরুমে।
দ্রুত ৪ উইকেট হারানোর পর অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হাল ধরেন। ইরফান একই সঙ্গে দলটির উইকেটরক্ষক ব্যাটারও। পঞ্চম উইকেটে তাঁরা (ইরফান-শামীম) করেন ৮৩ রানের জুটি। ইরফান (৪৩) ফিফটি না করতে পারলেও শামীম ফিফটি তুলে নিয়েছেন। ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন শামীম।
১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। শামীমের ৫১ রানই দলের সর্বোচ্চ রান। ভিক্টোরিয়া সিএর হুয়েকস্ট্রা পেয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আরিয়ান শর্মা, স্যাম এলিয়ট ও ক্যালাম সো।
এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ভিক্টোরিয়া সিএ ১৯.১ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক স্যাম হার্পার। এইচপির মোহাম্মদ রুবেল ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। রাকিবুল হাসান নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল।
২২ আগস্ট নেপালকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ এইচপির জয়যাত্রা শুরু। ১০০ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জিতেছিল ৫৮ বল হাতে রেখে। গতকাল হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল এইচপি। হোবার্ট দিয়েছিল ১৫৪ রানের লক্ষ্য।
আজ ভিক্টোরিয়া সিএকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্টের পাশাপাশি নেট রানরেটটাও শামীম-রাকিবুলদের দল বানিয়ে ফেলেছে +১.৮৯৮। দুই, তিন ও চারে থাকা নিউজিল্যান্ড এ, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও ভিক্টোরিয়া সিএ প্রত্যেকেরই চার পয়েন্ট। ৯ দলের মধ্যে সবার নিচে থাকা নেপাল এখনো কোনো পয়েন্ট পায়নি।