জাম্বিয়ায় আয়োজিত অনুমোদনহীন এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নেওয়ায় পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ওই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের দুই বছরের জন্য নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
গত সপ্তাহে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) এক বিবৃতিতে জানিয়েছিল, এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অনুমোদিত নয়। এরপরই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানায় পিসিবি। বোর্ড বলেছে, সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের এই লিগে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পিসিবির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা পিসিবির প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ওই অনুমোদনহীন আয়োজনে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাদের অনুমোদিত বিদেশি ক্রিকেট লিগ বা আয়োজনে অংশগ্রহণের জন্য পিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার ক্ষেত্রে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি পিসিবি ও পিএসএলে দুই বছরের জন্য ক্রিকেট, কোচিং, পরামর্শক, মেন্টরিং কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের অযোগ্য বিবেচনা করা হবে।’
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি মনে করছে এরই মধ্যে নিয়ম ভঙ্গ করেছে সাবেক ক্রিকেটাররা। ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিয়েছে। এর মধ্যে পাকিস্তান প্যান্থার্স নামে একটি দল রয়েছে, যেখানে শুধু পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই আছেন। দলটি এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে।
জানা গেছে, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও উমর আকমল এই লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং অংশ নিতে লুসাকায়ও গিয়েছিলেন। তবে আইসিসির প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার বিষয়টি জানার পর তাঁরা আর খেলেননি। পাকিস্তানের আরও কয়েকজন সাবেক ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
এশিয়ান লিজেন্ডস লিগের অন্য দলগুলো হলো ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান পাঠানস ও এশিয়ান স্টার্স। এসব দলে বিভিন্ন দেশের ক্রিকেটার থাকলেও এখন পর্যন্ত শুধু পিসিবিই তাদের খেলোয়াড়দের অংশগ্রহণকে নিয়মবহির্ভূত বলে উল্লেখ করেছে এবং শাস্তির ঘোষণা দিয়েছে।
পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পিসিবি আইসিসির নিয়মকানুন মেনে চলা এবং ক্রিকেটের স্বচ্ছতা ও সুশাসন রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান ও সাবেক যেসব ক্রিকেটার বিদেশি ক্রিকেট আয়োজনে অংশ নিতে চান এবং যেসব ক্ষেত্রে পিসিবির অনুমোদন প্রয়োজন, তাদের অবশ্যই অংশগ্রহণের আগে প্রয়োজনীয় অনুমোদন ও এনওসি নিতে হবে।’
পাকিস্তান প্যান্থার্সের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, নাভেদ-উল-হাসান, মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর, রাহাত আলী, হাসান রাজা, ইয়াসির ভাট্ট ও রানা নাঈম আনোয়ার।