হোম > খেলা > ক্রিকেট

তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতল বাংলাদেশ। ছবি: এএফপি

ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে রানের দিক থেকে এটি বাংলাদেশের যৌথভাবে সবচেয়ে বড় জয়।

২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ঠিক একই ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি শুরু হয় তাদের। ২২ রানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে ওপেনার বেন কারেন ও অধিনায়ক ক্রেইগ আরভিন প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু তৃতীয় সেশনে এক ঝটকায় উইকেট তুলতে থাকেন মিরাজ।

নিজেদের মাঠে টানা ৬ টেস্ট হারের পর জয় দেখল বাংলাদেশ। ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সবশেষে টেস্ট জিতেছিল তারা।

জিম্বাবুয়ের ছন্দে থাকা তিন ব্যাটারই ফিরেছেন দ্রুত। ব্রায়ান বেনেট প্রথম টেস্টে দুই ইনিংসেই পেয়েছিলেন ফিফটি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৬ রানে। প্রথম ইনিংসে ফিফটি করা নিক ওয়েলচ ফিরলেন রানের খাতা খোলার আগেই। শন উইলিয়ামস জিম্বাবুয়েকে টেনেছেন দুই টেস্টেই। তবে দ্বিতীয় ইনিংসে আজ ফিরলেন ৭ রানে। প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি।

চতুর্থ উইকেটে আরভিন ও কারেন ৪৭ রানের একটি জুটে গড়েন। মিরাজ এসে ফেরান দুজনকেই। কারেন ৪৬ ও আরভিনের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষদিকে ওয়েলিংটন মাসাকাদজা করেন ১০ রান। দ্বিতীয় ইনিংসে এ তিনজন ছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মিরাজ ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট।

তার আগে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৪৪ রানে। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন আজ ব্যাটিংয়ে নামে স্বাগতিকেরা। লেজের ব্যাটারদের নিয়ে মেহেদী হাসান মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। তাঁর দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশ পৌঁছে যায় সাড়ে চার শর কাছে। ১০৪ রান এসেছে মিরাজের ব্যাট থেকে। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম (২০) ও তানজিম হাসান সাকিব (৪১)। তার আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ২২৭ রান। দুই টেস্টের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কা সিরিজের আগে খুশির খবর পেল ভারত

দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

বাংলাদেশ সিরিজ দিয়েই ভালো প্রস্তুতি সারতে চান অস্ট্রেলিয়ার তারকা পেসার

হারের পর সাকিবকে নিয়ে কী বললেন লঙ্কান ক্রিকেটার

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

‘২৩ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরও খেলা উচিত ছিল’

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়ক রুট

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আরও আছেন যাঁরা

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক