হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ভাবনা তাহলে এমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে সমীহের চোখেই দেখছে প্রোটিয়ারা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ফর্মের বিপরীতে বাংলাদেশের সময়টা যাচ্ছে খুবই বাজে। ব্যর্থতার ঘেরাটোপে আত্মবিশ্বাসেও ভাটা পড়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের। কাগিসো রাবাদা অবশ্য প্রতিপক্ষের দুঃসময় নিয়ে না ভেবে সেরা ক্রিকেট খেলার তাগিদ দিলেন সতীর্থদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকেই একের পর এক হতাশ করছে বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হার সমতূল্য ড্রয়ের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নেয় দল। এরপর নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। টানা ব্যর্থতায় ভক্তদের রোষানলে পুরো দল। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আরও একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম কারণ ব্যাটারদের অফফর্ম। সংস্করণ যেটাই হোক, মুখ থুবড়ে পড়ছে ব্যাটিং লাইন। দেশের মাঠ বা এশিয়াতেই যখন এই অবস্থা, তখন দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে কী হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যাটারদের এই ব্যর্থতা অব্যাহত থাকলে আরও একটি দুঃসহ সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এত কিছুর পরও সফরকারীদের সমীহ করছেন রাবাদা।

বাংলাদেশের ব্যাটারদের এই অফফর্ম নিজেদের জন্য সুবিধা বয়ে আনবে কি না, এমন প্রশ্নের জবাবে রাবাদা বলেন, ‘ওদের টপ অর্ডারের কী খবর, সেটা নিয়ে আসলে আমরা ভাবছি না। একটি বোরিং উত্তর দিচ্ছি। তারা কী করছে সেসব জানার চেয়ে বরং নিজেরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ সাড়া ছিল দর্শকদের। যেটা মুগ্ধ করেছে রাবাদাকে। ব্যস্ততার মাঝেও দর্শকদের এমন আগ্রহ দেখে রীতিমতো অবাক তিনি, ‘সেই সিরিজে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) সবার আগ্রহ আমাকে অবাক করেছে। মাঠে নিজেদের কাজেই মনোযোগ ছিল আমাদের। মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে স্ক্রল করতে গিয়ে মানুষের নানা মন্তব্য দেখতাম। প্রতিটি টেস্টই পঞ্চম দিনে গড়িয়েছে এবং সেখানে দুই বা তার বেশি ফলের সম্ভাবনা ছিল। ক্রিকেট খেলার জন্য যা সত্যিই দারুণ ব্যাপার। এটি প্রমাণ করেছে, মানুষ ক্রিকেট দেখে।’