ফুটবলের দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল এবার ক্রিকেটেও ইতিহাস গড়েছে। ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা।
রোববার (৯ আগস্ট) কলম্বিয়ায় হওয়া মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে পানামাকে ৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ব্রাজিল। আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে ব্রাজিলিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন উইলিয়াম ম্যাক্সিমো।
রান তাড়ায় শুরু থেকেই লড়াই চালিয়ে যায় পানামা। মাহমেদ বাওয়ারের ৪৬ রানের ইনিংসের ভর করে জয়ের আশা জাগিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত ব্রাজিলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১২৫ রানের বেশি করতে পারেনি পানামা।
শেষ ওভারে পানামার প্রয়োজন ছিল ১৪ রান। সেই ওভারে ১০ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন আসুনসাও। ৩ ওভারে ১৯ রান দিয়ে মোট ২ উইকেট নেন তিনি। সমান ২ উইকেট নেন ইয়াসা হারুন। গ্যাব্রিয়েল অলিভেইরার শিকার একটি। ৪ ওভারে তাঁর খরচ ১৬ রান।
দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয় ১৯৯৫ সালে। ২১তম আসরে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। এর আগে চারবার—১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হয়েছিল ব্রাজিল। এবার আর শেষ বাধায় থামতে হয়নি তাদের; প্রথমবারের মতো শিরোপা নিয়েই ফিরেছে দলটি।
এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে সর্বশেষ দুই আসরে অংশ নেয়নি আর্জেন্টিনা। সেই সুযোগে নিজেদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ আমেরিকান ক্রিকেটে নতুন ইতিহাস লিখল ব্রাজিল।