শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসান তিলকারত্নে। ২০ আগস্ট থেকে তাঁর নিয়োগ কার্যকর করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলকারত্নে। নতুন দায়িত্বে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের কেন্দ্রীয় প্রস্তুতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এই দায়িত্ব পালন করবেন সাবেক তারকা ক্রিকেটার।
তিলকারত্নে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার। ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলেছেন তিনি। দুই সংস্করণ মিলিয়ে করেছেন আট হাজারের বেশি রান। দেশের হয়ে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা তিলেকারত্নের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।
নিজ দেশে কোচিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম নয় তিলকারত্নের জন্য। এর আগে লঙ্কানদের পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। আবারও নিজ দেশের কোচিংয়ে ফিরে ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করার সুযোগ পেলেন তিলকারত্নে।
তিলকারত্নের সঙ্গে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এসএলসি। একই সঙ্গে অন্য কোনো সাপোর্ট স্টাফের পদে পরিবর্তনের কথাও ঘোষণা করা হয়নি।