রানবন্যার প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে হতাশ করেছিলেন তিলক বার্মা। আজ ঠিকই দাঁড়িয়ে গেলেন এই ব্যাটার। তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত। জয়ের পথে শেষ ৩ ওভারে ৪৬ রানের সমীকরণ মিলিয়েছে অতিথিরা।
এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এর আগে প্রথম ম্যাচেও স্বাগতিকদের সমান ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে আগামী ২৭ অক্টোবর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল। সিরিজ বাঁচাতে চাইলে সে ম্যাচে জিততেই হবে ব্ল্যাক ক্যাপদের।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ১ বল হাতে রেখে নিউজিল্যান্ডের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বড় রানের পেছনে ছুঁটতে গিয়ে ১০.৫ ওভারে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। জয়ের জন্য শেষ ৫৫ বলে ১১১ রানের কঠিন সমীকরণ দাঁড়ায় তাদের সামনে। নামান ধীর ও নিতিশ কুমারকে নিয়ে ঝড় তুলে দলকে জয় এনে দেন তিলক।
১৭ বলে ৩১ রান করে ফেরার আগে ষষ্ঠ উইকেটে তিলকের সঙ্গে মূল্যবান ৪২ রান যোগ করেন নামান। তখনও ম্যাচের নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের হাতে। ১৭তম ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে ছিল ১৩৫ রান। পরের তিন ওভারে নিউজিল্যান্ডের বোলার ওপর তাণ্ডব চালান তিলক ও নিতিশ।
জ্যাকব ডাফির করা ১৮তম ওভারে আসে ১৭ রান। নাথান স্মিথের পরের ওভারে ১৮ রান নিয়ে ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নেন তিলক-নিতিশ জুটি। শেষ ওভারে ১১ রান করতে খুব বেশি বেগ পেতে হয়নি অতিথিদের। ২৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিলক। ২০০ স্ট্রাইকরেটে ২৬ রান করেন নিতিশ। বাকি বোলারদের চেয়ে ব্যতিক্রম ছিলেন মিচেল সান্টনার। ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন অধিনায়ক। তবে তাঁর দুর্দান্ত বোলিং দলের হার ঠেকাতে পারেনি।
জোড়া ফিফটিতে এই পুঁজি পেয়েছিল নিউজিল্যান্ড। ৪৩ বলে চারটি করে চার এবং ছক্কায় ৭০ রান এনে দেন গ্লেন ফিলিপস। বেভন জ্যাকবস খেলেন ৫৮ রানের ইনিংস। ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কা মারেন তিনি। ৩৩ রানে ২ উইকেট নেন আর্শদীপ সিং।