হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে না এসে ভারতের আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

ক্রীড়া ডেস্ক    

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ যে হচ্ছে না, সেটা এখন বলে দেওয়াই যায়। গতকাল ক্রিকবাজের সংবাদ প্রকাশের পর অনেকটা ধারণা পাওয়া গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ-ভারত সাদা বলের সিরিজ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি—এই ৬ ম্যাচ হতো ১ থেকে ১৩ সেপ্টেম্বর। এখন ১৩ সেপ্টেম্বরই মাঠে গড়াচ্ছে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিসিসিআইয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে তিনটি টি-টোয়েন্টি। সব ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে।

ভারতের মাঠে হলেও কাগজে-কলমে টি-টোয়েন্টি সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গতকাল এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খানের উদ্ধৃতিতে ক্রিকবাজ সংবাদ প্রকাশের পর ভারতের বাংলাদেশ সফর পড়ে যায় অনিশ্চয়তার মধ্যে। আজ বিসিসিআই যখন সূচি ঘোষণা করল, তখন আর কিছু বুঝতে বাকি থাকে না।

বাংলাদেশ-ভারত সিরিজটি হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জেরে সে সময় বাংলাদেশ সফর করেনি প্রতিবেশী দলটি। দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার চিত্রও ভালো নয়। তাতে করে বাংলাদেশ-ভারত সিরিজ যে হচ্ছে না, সেটা তো নিশ্চিত।

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। আর দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ খেলেছে ২০২২ সালে। সেবার লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে ভারত তখন ধবলধোলাই করেছিল।