বাজে শুরুতে যে চাপে পড়েছিল বাংলাদেশ, তেমন কিছুর ইঙ্গিত পাচ্ছে দক্ষিণ আফ্রিকাও। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে নাজমুল হোসেন শান্তরা তাই মাঠ ছাড়লেন স্বস্তি নিয়েই।
প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হওয়ার পর লাঞ্চের আগে ১৮ রানে দক্ষিণ আফ্রিকার ১ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৩৮২ রানে এগিয়ে আছে সফরকারীরা।
বড় রান তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে আঘাত হানেন হাসান মাহমুদ। তাঁর বলে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন এইডেন মার্করাম। লাঞ্চের আগের বাকিটা সময় পার করে দেন মার্কাস অ্যাকারম্যান (৭) ও জুবায়ের হামজা (৪)।
এর আগে ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরের দেখা পায় তাওহীদ হৃদয় ও লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটিতে বিপর্যয় সামাল দেন হৃদয় ও তানজিদ হাসান তামিম। তবে কাগিসো রাবাদার করা ৩৫তম ওভারের প্রথম দুই বলে তামিম ও মুশফিকুর রহিম ফিরলে ফের বিপদে পড়ে অতিথিরা। ২০০ রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। কিন্তু ষষ্ঠ উইকেটে হৃদয় ও লিটনের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশ করে ১২৬ রান যোগ করেন দুজন। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হওয়ার আগে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৭ রানের নান্দনিক ইনিংস খেলেন হৃদয়। তাঁর পর এই টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পান লিটন। হদয়ের সমান ১৪ চার ও ১ ছক্কায় তাঁর অবদান ১২০ রান। ফিফটি করে ৬৭ রানে ফেরেন তামিম। ৭০ রানে ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ৪ উইকেট নেওয়ার পথে ডেন পিটারসেন দেন ৯২ রান। বাকি উইকেটটা নেন মার্কো ইয়ানসেন।