হোম > খেলা > ক্রিকেট

জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের স্বস্তি, বিপদে বরিশাল-ঢাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি মাহমুদুল হাসান জয়ের। ছবি: ফাইল ছবি

প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে পার করলেও বিপদে ঢাকা-বরিশাল।

৬ উইকেটে ২৯০ রান নিয়ে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। মাত্র ৭৪ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৬৪ রানে গুটিয়ে যায় তারা। রাজশাহীর সর্বোচ্চ ৭৫ রান করেছেন হাবিবুর রহমান সোহান। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ পেয়েছেন ৪ উইকেট।

জবাবে স্বাগতিকেরা কোনো উইকেট না হারিয়ে ১৯০ রানে দিনের খেলা শেষ করেছে। জয় অপরাজিত ১০২ রানে। আরেক ওপেনার সাদিকুর রহমান ৮৬ রানে অপরাজিত। এদিকে খুলনার বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে এখনো ২৮৯ রান দরকার বরিশালের। আর মিরপুরে ঢাকার ১৫০ হওয়ার আগেই রংপুর তুলে নিয়েছে ৬ উইকেট।

শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ৩২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা খুলনা প্রথম ইনিংসে ৪২৬ রানে গুটিয়ে যায়। বরিশালের বাঁহাতি পেসার রুয়েল মিয়া পেয়েছেন ৫ উইকেট। তবে দলটির ব্যাটাররা রীতিমতো হতাশ করেছেন। প্রথম ইনিংসে ২৮.৪ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় বরিশাল। খুলনার মেহেদী হাসান রানা, শেখ মেহেদী হাসান তিনটি করে উইকেট পেয়েছেন। ফলো অন করতে নেমে ২ উইকেটে ৪৩ রানে দিনের খেলা শেষ করে বরিশাল। এখনো তাদের চেয়ে ২৮৯ রানে এগিয়ে খুলনা।

দুর্দান্ত ব্যাটিং করা রংপুরের ব্যাটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান বোলিংটাও দুর্দান্ত করেছেন। ৬ উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা রংপুর প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৪০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি তুলে নিয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। সর্বোচ্চ ৭৫ রান করেন তিনি। ঢাকার বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ পেয়েছেন ৪ উইকেট।

ব্যাটিংয়ে নেমে ৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। তাইবুর রহমান-সুমন খানের সপ্তম উইকেটে ৪৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৬ উইকেটে ১২০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। ব্যাটিংয়ে ৭৫ রান করা রিজওয়ান নিয়েছেন ২ উইকেট।

সিলেট স্টেডিয়ামে ময়মনসিংহ-সিলেট ম্যাচ ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ময়মনসিংহ ৩১১ রানে গুটিয়ে গেছে। সর্বোচ্চ ৭০ রান করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। সিলেটের নাঈম আহমেদ, নাবিল সামাদ, তোফায়েল আহমেদ তিনটি করে উইকেট পেয়েছেন। সিলেট ৫ উইকেটে ২৩৬ রানে দিনের খেলা শেষ করেছে। সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক জাকির হাসান।