রাজনৈতিক অস্তিরতার জেরে এমনিতেই ভারতের বাংলাদেশ সফর নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগামী মাসে বাংলাদেশ-ভারত সিরিজ যে হচ্ছে না, সেটা এক রকম নিশ্চিত।
সূচি অনুযায়ী, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সাদা বলের ম্যাচ ছয়টি হওয়ার কথা ১ থেকে ১৩ সেপ্টেম্বর। কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় আরও একদফা পিছিয়ে যাওয়ার পথে ভারতের বাংলাদেশ সফর।
আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে হলেও সিরিজটির আয়োজক এসিবি।
এসিবির এই ঘোষণায় এখন কার্যত ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা শেষ হয়ে গেল। বিসিবির প্রস্তাবিত সূচির আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায় এখন বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে—যদি না শেষ মুহূর্তে দুই দেশের সরকার থেকে কোনো নির্দেশনা আসে।
বাণিজ্যিক অংশীদারদের কাছে এসিবির পাঠানো চিঠি হাতে পেয়েছে ক্রিকবাজ। সেখানে নাসিব খান বলেন, ‘এসিবি নিশ্চিত করছে যে ২০২৬ সালের আফগানিস্তান-ভারত সফর (ইভেন্ট) ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসিবি আরও নিশ্চিত করছে যে ইভেন্টটির তারিখ বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চিত ও সম্মত হয়েছে এবং নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।’
সে চিঠিতে আরও বলা হয়েছে, ‘ইভেন্টটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে ২০২৬ সালের আফগানিস্তান-ভারত সফরের নির্ধারিত তারিখ ও ভেন্যু সম্পর্কে আনুষ্ঠানিক নিশ্চয়তা হিসেবে এসিবি এই চিঠি দিচ্ছে। সে অনুযায়ী সব মিডিয়া স্বত্বাধিকারী ওপরের সূচি অনুযায়ী আগাম পরিকল্পনা, সময়সূচি ও সম্প্রচার কার্যক্রম, সম্পদ বণ্টন, প্রচারণামূলক কর্মকাণ্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রস্তুতি এগিয়ে নিতে পারে।’
বাংলাদেশ-ভারত সিরিজটি হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জেরে সে সময় বাংলাদেশ সফর করেনি প্রতিবেশী দলটি। দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার চিত্রও ভালো নয়। এমতাবস্থায় বিসিবি ও বিসিসিআই চাইলেও সিরিজটি আয়োজন করতে পারছে না। বিষয়টি ভারত সরকারের কাছে ছেড়ে দিয়েছে বিসিসিআই।