হোম > খেলা > ক্রিকেট

চলন্ত মোটরসাইকেলে ক্যাচ ধরে ভাইরাল পাকিস্তানি দর্শক

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানে চলন্ত মোটরসাইকেলে ক্যাচ ধরে ভাইরাল সেই দর্শক মেহরান খান। ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে এমন অনেক ঘটনা ঘটে, যা সত্যিই অবাক করে। মাঠের বাইরেও এমন অনেক মুহূর্তের সাক্ষী হন দর্শকেরা। দাঁড়িয়ে কিংবা গ্যালারিতে বসে ছক্কা থেকে আসা বল ক্যাচ ধরার ঘটনা নতুন নয়। তবে এবার পাকিস্তানে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন এক দর্শক।

মুহূর্তেই সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাঁর সেই ক্যাচের ভিডিও। এবার খোঁজ মিলেছে সেই দর্শকের। তাঁর নাম মেহরান খান।

গতকাল পাকিস্তানের সোয়াত অঞ্চলের মিনগোরায় চলছিল সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ। সেই ম্যাচ দেখতে নয়, বরং রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময়ই বলটি তাঁর দিকে ছুটে আসে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা মেহরান এক হাত বাড়িয়ে দুর্দান্তভাবে তালুবন্দী করেন বলটি।

সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহরান বলেন, ‘সত্যি বলতে, আমি নিজেও ভাবিনি ক্যাচটা ধরতে পারব।’

কর্মস্থল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বাড়ি ফেরার পথে ম্যাচটি চোখে পড়ে তাঁর। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই এমন ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন তিনি। মেহরান বলেন, ‘আমি ক্রিকেটের ভক্ত। নিজেও খেলি, খেলাও দেখি। দেখলাম, আব্রার লালা ব্যাটিংয়ে আছে। এরপর সে ছক্কা মারল। তখন মোটরসাইকেল চালানো বন্ধুকে বললাম, মাথা নিচু করতে। আমি ক্যাচটা ধরব। এরপরই ক্যাচটা নিয়ে নিই।’

মেহরান বলেন, ‘চেষ্টা করেছিলাম ঠিকই, তবে ধরতে পারব বলে আশা করিনি। ভেবেছিলাম বলটা আশপাশে কোথাও পড়ে যাবে। কিন্তু সৃষ্টিকর্তার রহমতে ক্যাচটি নিতে পেরেছি।’

ক্যাচটি ধরার পরপরই মেহরানের জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করে সোয়াত প্রিমিয়ার লিগের আয়োজকেরা। তবে তাঁর ক্যাচের ভিডিও যে রাতারাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তা শুরুতে জানতেনই না মার্গাজারের এই বাসিন্দা।

পুরস্কার পেয়ে আনন্দিত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মেহরান। তবে ক্যাচ ধরার পর বলটি নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষায়, ‘অনেকে বলছেন, আমি বলটি নিয়ে চলে যাচ্ছিলাম। এটা সত্যি নয়। আমি বলটি ফিরিয়ে দিয়েছি।’

ক্রিকেট মাঠে দর্শকদের অবিশ্বাস্য ক্যাচ ধরার ঘটনা অবশ্য আগেও ঘটেছে। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় এক ম্যাচে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামের ছক্কায় উড়তে থাকা বল মুখে সিগারেট রেখেই ক্যাচ ধরেছিলেন এক ক্যামেরাম্যান। ২০১৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক দর্শক ঢাল বেয়ে পিছলে নেমে এক হাতে ক্যাচ নিয়েছিলেন। আর গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে দুই হাতে পানীয়ের ক্যান ধরে রেখেও এক হাতে ক্যাচ নিয়েছিলেন এক দর্শক।

এবার চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে মেহরানের এক হাতে নেওয়া ক্যাচও জায়গা করে নিল ক্রিকেটের স্মরণীয় ঘটনাগুলোর তালিকায়।