টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে কোনো রকম পাত্তা পায়নি পাকিস্তান। সালমান আলী আগার দলকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই হারের পেছনে পাকিস্তানের ম্যাচ বর্জন সার্কাসের প্রভাব আছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এর প্রতিবাদে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। তবে আইসিসির চেষ্টায় শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। যথারীতি গত ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।
সে ম্যাচে আগে ব্যাট করে ১৭৫ রান করে ভারত। জবাব দিতে নেমে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। এমন পারফরম্যান্সের পর ২০০৯ সালের চ্যাম্পিয়নরা সূর্যকুমার যাদবের দলের ধারে-কাছে নেই বলেই মনে করছেন ক্লার্ক। বাজে ফর্মের কারণে পাকিস্তানের বেশ কিছু খেলোয়াড়ের শেষ দেখে ফেলেছেন তিনি।
ক্লার্ক বলেন, ‘দুই দলের (ভারত ও পাকিস্তান) ব্যবধান এখন খুবই স্পষ্ট। লম্বা সময় ধরেই বারত বেশ এগিয়ে আছে। সেই ব্যবধান এখন আরও অনেক বড় হয়েছে। পাকিস্তান কী করবে সেটা আমার জানা নেই। তাদের খেলোয়াড়দের দিকে তাকান। কয়েকজন সিনিয়র ক্রিকেটার হয়তো আগে ভালো ফর্মে ছিল। তবে টি-টোয়েন্টিতে এটাই হয়তো তাদের শেষ হতে যাচ্ছে। বিকল্পের খোঁজে ম্যানেজমেন্ট হয়তো পিএসএলকে লক্ষ্যবস্তু বানাবে।’
পাকিস্তানের বর্জন ঘোষণা প্রসঙ্গে ক্লার্ক বলেন, ‘ভারত জিতবে আমি তেমনটাই আশা করেছিলাম। পাকিস্তান টুর্নামেন্টে খেলবে কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না, এটা নিয়ে কিছুটা সার্কাস হয়ে গেছে। ক্রিকেটারদের দিক থেকে ভাবলে, এটা অবশ্যই সহায়তা করেনি। তারা প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি। এই সংস্করণে ভারত পাকিস্তানের চেয়ে অনেক ভালো একটি দল। অনেক দিন ধরেই তারা এটা প্রমাণ করে যাচ্ছে।’