দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত ২৭টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিটিগুলোকে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নানা প্রশাসনিক ও সাংগঠনিক জটিলতায় অধিকাংশ ফেডারেশনের নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই কমিটিগুলোর পরিবর্তে নতুন অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচনের জন্য নতুন সময়সীমা বেঁধে দেওয়া হলো।
তবে তিন মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলোর আকার নিয়েও আলোচনা শুরু হয়েছে। অধিকাংশ ফেডারেশনে ২৭ থেকে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচন আয়োজনের জন্য স্বল্পমেয়াদে গঠিত অনেক অ্যাডহক কমিটিই নির্ধারিত সময়ের চেয়ে বহু বছর দায়িত্বে থেকে গেছে। ফলে এবারও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে কি না, তা নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন রয়েছে।
নতুন অ্যাডহক কমিটি পেয়েছে আর্চারি, অ্যাথলেটিকস, উশু, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রোয়িং, শুটিং, সাইক্লিং, সুইমিং, হকি ও হ্যান্ডবল ফেডারেশন।
আর্চারি ফেডারেশনের নেতৃত্বে ফিরেছেন প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সভাপতি হয়েছেন তিনি। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এসএ গেমসে পদকজয়ী সাবেক আর্চার ও ব্যবসায়ী সৈয়দ তানভীর রায়হানকে।
কয়েকটি গুরুত্বপূর্ণ ফেডারেশনে দায়িত্ব পেয়েছেন আগেও একই পদে থাকা সংগঠকেরা। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন আলী ইমাম তপন। সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। দুজনই অতীতে একই দায়িত্ব পালন করেছেন।
শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমকে। একই সঙ্গে সাবেক শুটার শারমিন আক্তার রত্না দুটি দায়িত্ব পেয়েছেন। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদকও হয়েছেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রয়াত হকি তারকা ও সাবেক সংগঠক আবদুস সাদেকের ছেলে ইশতিয়াক সাদেককে। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম।
এ ছাড়া ভারোত্তোলনে এস এম কাজল, ব্যাডমিন্টনে হাসিবুর রহমান শাকিল, টেবিল টেনিসে সাইদুল হক সাদী এবং সাইক্লিংয়ে পারভেজ হাসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন নয়না চৌধুরী। তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে ফিরেছেন মাহমুদুল ইসলাম রানা।
অন্যদিকে কয়েকটি ফেডারেশনে আগের কমিটির কিছু কর্মকর্তাকে বহাল রাখা হয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানও নিজ নিজ পদে বহাল রয়েছেন।