হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতায় কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তানও

ক্রীড়া ডেস্ক    

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে গেছে আফগানিস্তানের। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকার জরিমানার খবর শোনা গেছে। এবার এশিয়ার আরেক দল আফগানিস্তানও কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেক্ষেত্রে দলটির নেতৃত্বে দেখা যেতে পারে পরিবর্তন।

সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান সেমিফাইনালে উঠেছিল। আইসিসি ইভেন্টে এটাই এখন পর্যন্ত তাদের বড় সাফল্য। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। উপমহাদেশের কন্ডিশন তো বটেই। অনেক আফগান ক্রিকেটারের আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তবে রশিদের নেতৃত্বে এবার গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় আফগানিস্তানের।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন রশিদ। দলের যেমন ভরাডুবি হয়েছে, তেমনি তাঁর পারফরম্যান্সও ছিল না বলার মতো। টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা ছাড়া আর কোনো কীর্তি গড়তে পারেননি। এবার তাঁর নেতৃত্বও চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকবাজকে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘দলের ভেতরেও পরিবর্তন আনা হবে। যদিও অধিনায়ক বদলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলতে পারব না।’

এবার বিশ্বকাপ শুরুর আগেই দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনে আফগানিস্তান। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় টবি র‍্যাডফোর্ড। যিনি তখন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। বিশ্বকাপ শেষ হতে না হতে প্রধান কোচও পেয়ে যায় আফগানরা। জোনাথন ট্রটের পরিবর্তে রিচার্ড পাইবাসকে নিয়োগ দেয় এসিবি। প্রয়োজনে পাইবাস আফগানিস্তানে গিয়ে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতেও আগ্রহী।

ভবিষ্যতের কথা চিন্তা করে আফগানিস্তান দলে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নাসিব খান। ক্রিকবাজকে এসিবি প্রধান বলেন, ‘আমরা দলে সংস্কারের চিন্তা করছি। ভবিষ্যতের জন্য দল গড়তে চাইলে অবশ্যই পরিবর্তন দরকার। আমরা এরই মধ্যে প্রধান কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার বদলেছি।’

২০১৯ সালে প্রথমবারের মতো আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন রশিদ। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। মোহাম্মদ নবি এরপর আফগান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নবি সরে গেলে ফের নেতৃত্ব (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে) ফিরে পান রশিদ।

বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেওয়ায় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাসহ টুর্নামেন্টের প্রত্যেক ক্রিকেটারকেই ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১ লাখ ৭১ হাজার টাকা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউনের’ পরশু প্রতিবেদন থেকে জানা গেছে এমন খবর। ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই পিসিবি ক্রিকেটারদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে। আর্থিক সুযোগ-সুবিধাও পারফরম্যান্সের ভিত্তিতে পাওয়া যাবে বলে সূত্রের বরাতে জানা গেছে।

৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপ শেষে সীমিত ওভারের ক্রিকেটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ১৩ মার্চ শুরু হওয়া সিরিজ শেষ হবে ২৫ মার্চ। টি-টোয়েন্টি সিরিজ হবে শারজায়। দুবাইয়ে হবে টি-টোয়েন্টি সিরিজ।

‘আমরা এখানে বলির পাঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

‘গত দুই বছরে আমার কোনো ইনকাম সোর্স নেই’

না ফেরার দেশে সাঙ্গাকারার বাবা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি

এশিয়ান কাপ খেলতে গিয়ে বিপাকে ভারত

‘পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত’

হেরেও চ্যাম্পিয়ন চীনের কুর্নিশ পেল বাংলাদেশ

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে এবার কপাল পুড়বে ভারতের

দারুণ খেলেও শেষের ভুলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

বিশ্বকাপে এবার থাকছেন না বাংলাদেশি আম্পায়ার