হোম > খেলা

‘ভারতকে কীভাবে বিপদে ফেলতে হয় জানি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলছেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। ছবি: সংগৃহীত

এত দিন দক্ষিণ এশিয়ার ফুটবলে পাকিস্তান মানেই ছিল ‘সহজ প্রতিপক্ষ’। ঢাকার মাঠে সেই পুরোনো ছবিটাই বদলে দিয়েছেন নলবার্তো সোলানো। স্বাগতিক বাংলাদেশকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা পাকিস্তান কোচ এবার চোখ রাখছেন শিরোপায়। কাল নয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী সোলানো সরাসরিই জানিয়ে দিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের কীভাবে বিপদে ফেলতে হয়, তা তাঁর ভালোই জানা।

আজ ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে ভারত ম্যাচের পরিকল্পনা নিয়ে সোলানো বলেন, ‘অবশ্যই আমরা ভারতকে সম্মান করি। আমরা সব সময় তাদের খেলা দেখছি ও পর্যবেক্ষণ করছি। ফুটবলে এখন আর কোনো কিছুই গোপন নেই। আপনারা জানেন কীভাবে খেলতে হয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের দিকে মনোযোগ দেওয়া-আমরা কী করতে চাই। কারণ, আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি, আমরা কী করতে পারি এবং কীভাবে ভারতকে বিপদে ফেলতে পারি, তা আমরা জানি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইকে আলাদা মর্যাদাই দিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সাবেক এই সতীর্থ। ফাইনালকে ‘ডার্বি’ আখ্যা দিয়ে সোলানো বলেন, ‘আমি জানি এটি খুব বিশেষ একটি ম্যাচ, এটি একটি ডার্বি, আমরা তা বুঝি; এটি কোনো সাধারণ ম্যাচ নয়, কারণ এটি একটি বিশেষ উপলক্ষ, এটি ফাইনাল।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই ভারতের বিপক্ষেই ৩–২ গোলে হেরেছিল পাকিস্তান। তবে ফিফা উইন্ডোর কারণে দেরিতে আসা চার প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় বদলে গেছে দলটির চেহারা। সে প্রসঙ্গ টেনে পাকিস্তান কোচ বলেন, ‘আমি কোনো অজুহাত দাঁড় করাতে পছন্দ করি না, তবে প্রতিযোগিতায় আসার আগে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। দুই দিন কোনো অনুশীলন ছাড়াই আমরা তাদের মুখোমুখি হয়েছিলাম... আমাদের আরও চারজন খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের ছাড়াই আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম, কারণ ফিফার সূচিকে আমাদের সম্মান জানাতে হয়েছিল। আমাদের জন্য পূর্ণাঙ্গ দল পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেললেও ফাইনালের আগে ক্লান্তির কোনো অজুহাত দিতে নারাজ সোলানো। লড়াইটাকে সমানে সমান দেখছেন তিনি, ‘দুই দলেরই সমান সুযোগ রয়েছে, ৫০–৫০। এরপর সব নির্ভর করবে মাঠে আমরা কতটা ভালো কাজ করতে পারি, তার ওপর। আপনি যখন ফাইনাল খেলবেন, তখন ক্লান্ত থাকার কোনো সুযোগই থাকতে পারে না। তাই লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুত, কোনো অজুহাত নেই, আমরা আমাদের সবটুকু উজাড় করে দেব।’

পাশাপাশি নিজেদের বদলে যাওয়ার ঘোষণা দিয়ে যোগ করেন, ‘আমরা চাই পাকিস্তান সেই ধারণাটা বদলে দিক যা অনেক বছর আগে সবার ছিল-পাকিস্তান মানেই খুব সহজ প্রতিপক্ষ। না, এখন থেকে ভবিষ্যতে পাকিস্তানকে হারানো যেকোনো দলের জন্যই খুব কঠিন হবে।’

পাকিস্তান অধিনায়ক আবদুল্লাহ ইকবালও ফাইনাল জিতে নতুন ইতিহাস লিখতে উন্মুখ, ‘ফাইনালে ওঠাটাই আমাদের ফুটবলের সবচেয়ে বড় অর্জন এবং ইনশা আল্লাহ আমরা যদি শেষ পর্যন্ত শিরোপা জিততে পারি, তবে তা আরও বড় কিছু হবে।’