হোম > খেলা > ক্রিকেট

‘জিম্বাবুয়ের কাছে ভরাডুবির কথা অস্ট্রেলিয়ার বারবার মনে পড়বে’

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেই মূলত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই থেমে গেল অস্ট্রেলিয়ার পথচলা। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও সুপার এইটে ওঠা হলো না অজিদের। রিকি পন্টিংয়ের মতে এবার বাজে একটা বিশ্বকাপ কাটিয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের কাছে হারের ভূত অজিদের দীর্ঘদিন তাড়া করে বেড়াবে বলে মনে করেন দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠা নিশ্চিত ধরে দিয়েছিলেন। কিন্তু বাদ সাধল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। আর গতকাল যে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচের দিকে অজিদের চোখ ছিল, সেই ম্যাচ পরিত্যক্ত হওয়া সর্বনাশ হয়েছে অজিদের। অস্ট্রেলিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে।

‘আইসিসি রিভিউ’তে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে জিম্বাবুয়ে-ম্যাচের কথা উল্লেখ করেছেন পন্টিং। অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়ের কাছে যেভাবে তারা হেরেছে, ওই ম্যাচটির কথাই অজি ক্রিকেটাররা বারবার ভাববে। তারা নিজেরাও জানে যে, বিশ্বকাপ তো আসলে ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আইসিসির কোনো ইভেন্টে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে—এটা ভাবাই যায় না।বিশ্বকাপের মতো ইভেন্টে এ ধরনের সুযোগ হাতছাড়া করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এবারও ঘটেছে একই ঘটনা। চোটে পড়ায় এই দুই তারকা পেসার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গিয়েছেন। পন্টিংয়ের মতে কামিন্স-হ্যাজলউডের অভাব টের পেয়েছে অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউতে পন্টিং বলেন, ‘জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স চোটে পড়ায় বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গেছে। টিম ডেভিডকেও শুরুতে পায়নি অস্ট্রেলিয়া।’

পাল্লেকেলেতে পরশু টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭০ রান করেছিল অস্ট্রেলিয়া। ২০০‍+ স্কোর তখন সহজ মনে হলেও শ্রীলঙ্কার দুর্দান্ত বোলিংয়ে তা আর সম্ভব হয়নি। এরপর অস্ট্রেলিয়ার দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কা ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে সুপার এইট নিশ্চিত করে। সেঞ্চুরির পাশাপাশি দুর্দান্ত এক ক্যাচ ধরে ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার পাথুম নিশাংকা। শ্রীলঙ্কাকে প্রশংসায় ভাসিয়ে পন্টিং বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা দারুণ খেলেছে। বিশেষ করে ওটা ছিল এক অসাধারণ রান তাড়া। ওই ধরনের স্কোর তাড়া করে জেতা কখনোই সহজ নয়।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আজ নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে এবারের বিশ্বকাপের অষ্টম দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে পাকিস্তান। তাতে করে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২ দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, পাকিস্তান— এবারের বিশ্বকাপে সুপার এইটের এই আট দলের পাশাপাশি অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। অস্ট্রেলিয়া সুপার এইটে অংশ না নিলেও আয়োজক সূত্রে সরাসরি অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড খেলবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

আমাদের সঙ্গে প্রতারণা করেছে অস্ট্রেলিয়া, বলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

বাংলাদেশকে পরের বিশ্বকাপের টিকিট দিল আইসিসি

বিশ্বকাপের মাঝপথে আরেক দফা ধাক্কা খেল শ্রীলঙ্কা

নামিবিয়াকে বিধ্বস্ত করে সুপার এইটের টিকিট কাটল পাকিস্তান

বিসিবি সভাপতি নয়, নাকভির চোখে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ‘আসল নায়ক’ তাহলে কে

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

দেশের খেলাধুলাকে দলীয় ও রাজনীতিমুক্ত করার অঙ্গীকার আমিনুল হকের

ইমরান খানকে মেরে ফেলার হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান

আমিরাতকে উড়িয়ে দক্ষিণ আফ্রিকার চারে চার

১২ বছর পর আফগানদের এমন দুর্দশা