২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার জন্য ভুলে যাওয়ার মতোই। তুলনামূলক সহজ গ্রুপে পড়েও সুপার এইটে উঠতে পারল না অজিরা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় মিচেল মার্শ, ট্রাভিস হেডদের রীতিমতো ধুয়ে দিলেন ইয়ান হিলি। দল নির্বাচনের কাজটাই এবার ঠিকঠাক করা হয়নি বলে মনে করেন হিলি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর আইসিসির ইভেন্টে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে থেমে গিয়েছিল অজিদের পথচলা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। সুপার এইটে ওঠা সময়ের ব্যাপার হলেও জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেই মূলত সর্বনাশ হয়ে গেছে অজিদের। আর গতকাল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্বেই অস্ট্রেলিয়ার বিদায়ঘণ্টা বেজে গিয়েছে।
‘বি’ গ্রুপের শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সুপার এইটে ওঠায় ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল অস্ট্রেলিয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের ভরাডুবি নিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম এসইএন ক্রিকেটকে হিলি বলেন, ‘আচ্ছা একটা বিশ্লেষণ করা যায় কি না। অস্ট্রেলিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে। অ্যাশেজের আগে ইংল্যান্ড ক্রিকেট যেমন প্রতারিত হয়েছিল, যেমনটা অ্যাশেজে ইংল্যান্ড ক্রিকেট করেছিল।’
চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এবারও ঘটেছে একই ঘটনা। চোটে পড়ায় এই দুই তারকা পেসার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গিয়েছেন। বেন ডাওয়ারশুইস, হ্যাভিয়ের বার্টলেটের মতো তুলনামূলক অনভিজ্ঞরা ছিলেন এবারের অজিদের পেস বোলিংয়ের নেতৃত্বে। যেখানে তাঁদের দুজনের ম্যাচ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০ ম্যাচও হয়নি। এমনকি সেরা ২০ বোলারের মধ্যেও অস্ট্রেলিয়ার কোনো বোলার জায়গা করে নিতে পারেননি। হিলি বলেন, ‘শ্রীলঙ্কা-ভারতের মতো কন্ডিশনে দল নির্বাচন ঠিকমতো হয়নি। দল বেছে নেওয়ার ক্ষেত্রে যে ভুল ছিল, সেটা কেউ স্বীকার করেনি। নিজেদের সঠিক প্রমাণ করতে আত্মবিশ্বাসী ছিলেন।’
পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আরেক পেসার নাথান এলিস এবারের বিশ্বকাপে তেমন কিছু তো করতে পারেননি। এমনকি অভিজ্ঞ লেগস্পিনার অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েলও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর প্রথম দুই ম্যাচে চোটে পড়ায় নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ খেলতে না পারায় ট্রাভিস হেড নেতৃত্ব দিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে পরশু বাঁচা-মরার ম্যাচে ফিরে মার্শ ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। হেড ঝোড়ো ফিফটি করেন। মার্শ-হেডের ঝড় ছাড়া আর কিছুই ছিল না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে।
বিশ্বকাপের মাঝপথে হঠাৎ করে স্টিভ স্মিথকে নিয়েছে অস্ট্রেলিয়া। তাও আবার জশ হ্যাজলউডের জায়গায় নেওয়া হয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি স্মিথের। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভরাডুবি বিশ্লেষণ করতে গিয়ে হিলি বলেন, ‘অস্ট্রেলিয়ার আসল অবস্থাটা একটু দেখি। তারা বিশ্বজুড়ে সফর করেছে। কিন্তু আমাদের দুই বোলার ছিল এবং শেষ ম্যাচে আমাদের সম্ভাব্য সেরা ব্যাটারকে বাদ দেওয়া হয়েছিল সম্ভবত এক অলরাউন্ডার ও এক বোলারের জন্য বাদ দেওয়া হয়েছিল। আর অধিনায়ক নিজেই ফিরেছে এই ম্যাচে। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারকে দীর্ঘায়িত করতেই করা হয়েছিল।’
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আজ নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে এবারের বিশ্বকাপের অষ্টম দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে পাকিস্তান। তাতে করে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২ দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, পাকিস্তান— এবারের বিশ্বকাপে সুপার এইটের এই আট দলের পাশাপাশি অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। অস্ট্রেলিয়া সুপার এইটে অংশ না নিলেও আয়োজক সূত্রে সরাসরি অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড খেলবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।