গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ বক্সিংয়ে জয় পেয়েছেন বাংলাদেশের রাকিব হোসেন। ছেলেদের ৫৫ কেজি ইভেন্টের শেষ বত্রিশে সোলোমোন আইল্যান্ডের ক্লিন্টন তেতেকানাকে হারিয়েছেন তিনি।
তিন রাউন্ডের খেলা হলেও রাকিব জয় তুলে নেন দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে ৫ জন বিচারকের কাছ থেকে দশে দশ পান তিনি। এর মধ্যে দুবার নকডাউন করেন তেতেকানাকে। পরের রাউন্ডের শুরুতে আবারও নকডাউন করার পর রেফারি বন্ধ করে দেন খেলা। জয়ী ঘোষণা করেন রিফাতকে। পরশু শেষ ষোলোয় পাপুয়া নিউ গিনির বিড মাইকেল ইনোইনোর মুখোমুখি হবেন বাংলাদেশের এই বক্সার।
সাঁতারে অনুমিতভাবে হতাশার দেখাই মিলেছে। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের হিটে ৫২ জনের মধ্যে ৫১ তম হয়েছে সোনিয়া আক্তার। তাঁর টাইমিং ছিল ৩২.৭১ সেকেন্ড। ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে হিটে ৪০ জনের মধ্যে ১৯ তম হয়েছেন সামিউল ইসলাম রাফি। তাঁর টাইমিং ছিল ২৬.৫৭ সেকেন্ড। হিট থেকে প্রথম ১৬ জন জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে। ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৪২ জনের মধ্যে ৩৯ তম হয়েছে সুকুমার রাজবংশী। তাঁর টাইমিং ছিল ১ মিনিট ১০.৩৯ সেকেন্ড।
আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ছেলেদের দলীয় ইভেন্টে রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬১.৩৫০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ছিল বাংলাদেশ। আজ বক্সিং ও সাঁতার ডিসিপ্লিনে নামবেন বাংলাদেশ অ্যাথলেটরা।