হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার অধিনায়ক বলছেন, আমরা লজ্জিত

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ থেকে আগেভাগে ছিটকে যাওয়ায় হতাশ লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ছবি: ক্রিকইনফো

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা যেভাবে শ্রীলঙ্কা করেছিল, সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। কলম্বোর প্রেমাদাসা থেকে পাল্লেকেলে স্টেডিয়াম—দর্শকপূর্ণ স্টেডিয়ামে গ্রুপ পর্বে দাপট দেখিয়ে খেলে সুপার এইটে উঠেছিল লঙ্কানরা। দাসুন শানাকা, কুশল মেন্ডিসদের নিয়ে ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশাও বেড়ে গিয়েছিল। কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল লঙ্কানরা।

গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, ওমান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে উঠেছিল শ্রীলঙ্কা। যার মধ্যে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছিল লঙ্কানরা। তবে জিম্বাবুয়ে ম্যাচ থেকে তাদের যে শনির দশা শুরু হয়েছে, সেটা বজায় থেকে সুপার এইটেও। ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ড-নিউজিল্যান্ডের কাছে হেরে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গেল লঙ্কানদের।

টিকে থাকার লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসায় গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কাকে শুধু জিতলেই হতো না। লঙ্কানদের মাথায় রাখতে হতো নেট রানরেটের হিসাবও। টস হেরে আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে সপ্তম উইকেটে মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির ৪৭ বলে ৮৪ রানের জুটিতে লড়াইয়ে পুঁজি পায় নিউজিল্যান্ড। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ৬১ রানে হেরে সব ধূলিসাৎ হয়ে যায় লঙ্কানদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘স্বাগতিক দর্শকদের হতাশ করেছি। সেজন্য আমরা লজ্জিত। আমরা শুরুটা ভালো করেছিলাম। কিন্তু সত্যি বলতে স্যান্টনার-ম্যাকনকি জুটি আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে।’

বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিয়ে চলছে সমালোচনা। পাশাপাশি সামাজিক মাধ্যমে নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রুপ তো রয়েছেই। শানাকার মতে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নেতিবাচক দিকটা বেশি ছড়ানো হচ্ছে, যা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক বলেন,
‘কেন এসব নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে? হ্যাঁ, আমরা একটি বিশ্বকাপ হেরেছি এবং আমরা এর কারণটা জানি। ভুল সংশোধনের চেয়ে নেতিবাচক খবর বেশি ছড়ানো হচ্ছে। আমরা খেলব ও এক সময় অবসর নেব। কিন্তু সরকার যদি এসব বন্ধ করতে পারে, তাহলে ভবিষ্যতে যেসব ক্রিকেটার আসবে, সেটা তাদের মানসিক স্বাস্থ্যের জন্যই ভালো হবে।’

বিশ্বকাপ শুরুর পর ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাতিরানার মতো দুই তারকা ক্রিকেটারকে হারায় শ্রীলঙ্কা। তাঁদের বিকল্প হিসেবে যাঁদের নেওয়া হয়েছিল, তাঁরাও যে খুব বাজে করেছেন তা নয়। তাছাড়া শ্রীলঙ্কার দুই টপ অর্ডার ব্যাটার পাথুম নিশাংকা ও কুশল মেন্ডিস ধারাবাহিকভাবে ভালো করছিলেন। যাঁদের মধ্যে নিশাংকা গ্রুপ পর্বে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। নিশাংকা ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন। আর কুশল মেন্ডিস করেছেন ১১ রান। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে কামিন্দু মেন্ডিস (৩১) ও দুনিথ ভেল্লালাগে (২৯) শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন।

ক্রিকেটাররা ইতিবাচক হয়ে খেলতে চাইলেও চারিদিকে নেতিবাচক খবরের চাপ সহ্য করা কঠিন হয়ে যায় বলে জানিয়েছেন শ্রীলঙ্কা। তাতে করে দেশটির ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন লঙ্কান অধিনায়ক। ম্যাচ শেষে শানাকা বলেন, অনেক সময় আমরা অনেক নেতিবাচক খবর শুনি ও দেখি। ক্রিকেটার হিসেবে আমরা যতই ইতিবাচক থাকার চেষ্টা করি না কেন, বাইরের নেতিবাচক জিনিসটা প্রভাব ফেলে। শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য এটা একটা বড় ক্ষতি। এটাই আমাদের একমাত্র খেলা এবং আমি জানি না আমরা এটা রক্ষা করতে পারব কিনা। আপনি যদি স্টেডিয়ামের বাইরে তাকান, তাহলে দেখতে পাবেন কত মানুষ মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে থাকেন। এমনকি ম্যাচ ভালোভাবে না দেখেও অনেক রকম কথাবার্তা বলেন।

আনুষ্ঠানিকতার লড়াইয়ে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কা খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। তবে ম্যাচটা পাকিস্তানের জন্য সেমিফাইনালের টিকিট পাওয়ার ম্যাচ হতে পারে। যা নির্ভর করছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

মার্করাম-ঝড়ে আবারও দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

রনির অলরাউন্ড নৈপুণ্যে তাসকিনদের উড়ন্ত জয়, মিরাজদের উড়িয়ে দিলেন শান্তরা

‘সাকিব মানুষ মারতে পারে না, মামলাটা খতিয়ে দেখা উচিত’

বগুড়ায় ‘সাকিব-সাকিব’ চিৎকার, বিসিবির পেজে পোস্ট

জিম্বাবুয়েকে হারাতে যুক্তরাষ্ট্র থেকে ‘বিশেষ অস্ত্র’ ব্যবহার ভারতের

চমকে ভরপুর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল কারা

ব্যাটিংয়ের সময় কেন দর্শকদের দিকে তেড়ে গেলেন মিঠুন

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

পাকিস্তানের ‘বন্ধু’ এখন ইংল্যান্ড, ‘পথের কাঁটা’ নিউজিল্যান্ড

‘রিয়াল মাদ্রিদের এই জয়টা বর্ণবাদের বিরুদ্ধেও জয়’